রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীকে প্রশংসা করার দিন আজ

প্রকাশিত: ০৭:১০, ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১০

সংসারের ব্যস্ততায় নিজের স্ত্রীকে শেষ কবে মন খুলে প্রশংসা করেছেন? মনে করতে না পারলে আজই হতে পারে সেই সুযোগ। কারণ আজ স্ত্রী প্রশংসা দিবস—নিজের জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও তার অবদানের স্বীকৃতি জানানোর দিন।

প্রতিবছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার পালিত হয় Wife Appreciation Day। ২০ সেপ্টেম্বর পালিত হচ্ছে দিবসটি। তবে দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা শুরুর ইতিহাস নিশ্চিতভাবে জানা যায় না। বিভিন্ন তথ্য সূত্রে ২০০৬ সালের দিকে এর প্রথম নথিভুক্ত উল্লেখ পাওয়া যায়।

দাম্পত্য জীবনে প্রতিদিনের নানা দায়িত্ব সামলাতে গিয়ে অনেক কাজই নীরবে করে যান স্ত্রী। তাই এই দিনে তার সেই ছোট-বড় কাজগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। শুধু উপহার নয়, আন্তরিক কয়েকটি কথাও হয়ে উঠতে পারে বিশেষ।
 
যেভাবে নিজের স্ত্রীকে প্রশংসা করতে পারেন
মন খুলে প্রশংসা করুন : তার কোন কাজটি আপনার ভালো লাগে, সেটি সরাসরি বলুন।

প্রশংসাটা যেন শুধু আনুষ্ঠানিক না হয়ে ব্যক্তিগত ও আন্তরিক হয়।
কিছুটা সময় দিন : ব্যস্ততার ফাঁকে ফোন বা অন্য কাজ সরিয়ে রেখে শুধু তার সঙ্গে কথা বলা কিংবা একসঙ্গে সময় কাটানোও হতে পারে সুন্দর একটি উপায়।

পছন্দের কিছু করুন : তার পছন্দের খাবার তৈরি করা, বাইরে খেতে নিয়ে যাওয়া বা প্রিয় কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

ছোট্ট উপহার দিন : ফুল, বই, প্রিয় কোনো খাবার কিংবা তার পছন্দের ছোট কিছু দিয়ে চমকে দেওয়া যায়।

কাজে পাশে থাকুন : ঘরের কোনো দায়িত্ব নিজের হাতে নিয়ে তাকে কিছুটা সময় বিশ্রামের সুযোগ করে দেওয়া হতে পারে অর্থবহ একটি প্রশংসা।

কৃতজ্ঞতা জানান : জীবনের নানা সময়ে পাশে থাকার জন্য সরাসরি ‘ধন্যবাদ’ বলাও গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার সম্পর্কেও কৃতজ্ঞতার প্রকাশ অনেক সময় না বলা থেকে যায়।

তবে একটা বিষয় মনে রাখা জরুরি—‘স্ত্রী প্রশংসা দিবস’ মানেই যাকে-তাকে স্ত্রী ভেবে প্রশংসা করা নয়! স্ত্রী যেন নিজেরই হয়। আর নিজের সেই জীবনসঙ্গীকে প্রশংসা করার জন্য বিশেষ কোনো দিবসের অপেক্ষাও হয়তো দরকার নেই; প্রতিদিনের ছোট্ট যত্ন আর স্বীকৃতিই সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor