বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক কৌশলগত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ), বিশ্বব্যাংক-আইএমএফ ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৪ সদস্যের প্রতিনিধিদল।
‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত ওভারসিজ স্টাডি ট্যুরে অংশ নিতে ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসে প্রতিনিধিদলটি। এর নেতৃত্ব দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিদর্শন করে প্রতিনিধিদল। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তাদের স্বাগত জানান এবং প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এরপর ১৪ সেপ্টেম্বর প্রতিনিধিদল যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। সেখানে পলিটিকো-মিলিটারি অ্যাফেয়ার্স (এশিয়া)-এর ডেপুটি ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল স্টিফেন অলড্রিজ এবং সাউথ এশিয়া (পলিসি)-এর ডিরেক্টর জে ওয়াইজ প্রতিনিধিদলকে স্বাগত জানান। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা নীতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।
পেন্টাগন সফরের পর প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাদের স্বাগত জানান এবং দূতাবাসের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেন। পরে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
১৫ সেপ্টেম্বর বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পরিদর্শন করে প্রতিনিধিদল। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক নীলকণ্ঠ মিশ্র এবং বিকল্প নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান খান তাদের স্বাগত জানান। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্বব্যাংক ও আইএমএফের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে ব্রিফ করেন। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা, উন্নয়ন সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন দিক উঠে আসে।
ওয়াশিংটন সফরের শেষ পর্যায়ে এনডিইউ ও নেসা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ পরিদর্শন করে প্রতিনিধিদল। সেখানে কৌশলগত নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি, প্রতিরক্ষা শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং সমসাময়িক আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে নিউইয়র্কে পৌঁছে ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন করে প্রতিনিধিদল। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের ‘অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স’-এর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকাইয়া দিওপ তাদের স্বাগত জানান। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম ও বিভিন্ন ফিল্ড মিশন সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করা হয়।
পরে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করে এনডিসি প্রতিনিধিদল। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মিস আইরিন জুবাইদা খান প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অবদান, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সফরের মধ্য দিয়ে জাতীয় প্রতিরক্ষা কোর্স-২০২৬-এর অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাঠামো, প্রতিরক্ষা নীতি, কৌশলগত পরিকল্পনা, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়।
প্রতিনিধিদলটি ১৮ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে।
Publisher & Editor