শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬ |

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সংক্ষিপ্ত হওয়ায় ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিনই দেশের পথে রওনা দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনায় নিউইয়র্কের পর সান ফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে পরবর্তী সময়ে সফরটি সংক্ষিপ্ত করা হয়।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মধ্যে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা রয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকটসহ একাধিক বিষয়ে আলোচনা সভার আয়োজন করছে বাংলাদেশ। এসব আয়োজনে বাংলাদেশের সংশ্লিষ্ট বিষয় ও স্বার্থ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor