জুলাই গণ-অভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান।
সেখানে তিনি জেসমিনের অপারেশন-পরবর্তী অবস্থার খোঁজ নেন।
হাসপাতালের চিকিৎসকেরা জেসমিনের চিকিৎসার বিষয়ে তাকে বিস্তারিত জানান। তারা বলেন, জেসমিনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এ সময় নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান ও শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
জুবায়ের হোসেন ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে গণ-অভ্যুত্থানের সময় শহীদ হন। তার একমাত্র বোন জেসমিন আকতার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
Publisher & Editor