শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রথম গানেই শোরগোল, ‘মায়াবী’ লেখার রহস্য জানালেন আহমেদ জাকি

প্রকাশিত: ০৭:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬ |

বর্তমান সময়ের তরুণ সংগীতশিল্পী আহমেদ জাকি। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল ‘ব্লু টাচ বাংলাদেশ’। পরের বছর এপ্রিলে মুক্তি পায় তাদের প্রথম গান ‘মায়াবী’। ব্যস, এই এক গানেই রীতিমতো শোরগোল ফেলে দেয় ব্যান্ড দলটি। 

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাদের দ্বিতীয় অ্যালবাম। বর্তমানে তা নিয়েই ব্যস্ত ব্লু টাচ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট আহমেদ জাকি। কাজের ব্যস্ততা ও নানা বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মাহমুদ শাকিল 

‘মায়াবী’ গানটি দিয়েই শ্রোতামহলে দারুণ বাজিমাত করেছেন। প্রথম গান এতটা সাড়া ফেলবে—এটা কি প্রত্যাশা করেছিলেন? 

আহমেদ জাকি: সত্যি বলতে একটা প্রত্যাশার জায়গা থেকেই আমরা আমাদের কাজগুলো করি এবং এটা সবাই করে। তবে ‘মায়াবী’ গান থেকে  প্রত্যাশা আর বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। মানুষ ঠিক এভাবে এতটা ভালবাসা দেবে এটা আমার ধারণার অনেক বাইরে ছিল। 

গানটি তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, অথচ সেই তুলনায় অনেকেই আপনাকে সেভাবে চেনে না। বিষয়টি কি কখনো খারাপ লাগার অনুভূতির জন্ম দেয়? 

আহমেদ জাকি: না আসলে এখানে খারাপ লাগার কোন ব্যাপার নেই। আমি নিজেকে কখনোই সেভাবে উপস্থাপন করিনি বা মেলে ধরা হয়নি। তবে আমার কোন সৃষ্টি মানুষ ভালবেসেছে সেটাই আমাকে এক আলাদা অনুভূতি দেয়। অবশ্যই এই অনুভূতি সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। 

গানটি কাকে ভেবে লেখা হয়েছিল? কে সেই ‘মায়াবী’? 

আহমেদ জাকি: মানুষের একটা আলাদা সুপারপাওয়ার আছে- মানুষ ভাবতে পারে। কল্পনায় আমি নিজেকে জেমস বন্ড ভেবে বসলেও কোনো ক্ষতি নেই, আবার রাস্তার ভিক্ষুক ভেবে নিজেকে সেই অনুভূতির সঙ্গে কিছুটা পরিচয় করিয়ে নেয়ার সেই চিন্তাতেও কোন ভিজ্যুয়াল বিষয় নেই। মায়াবী গানটাও সেভাবেই কাল্পনিক কোন ক্যারেকটারকে চিন্তা করেই লিখেছিলাম। 

আপনার দ্বিতীয় অ্যালবাম কবে নাগাদ আসছে? অ্যালবামের নাম কি? 

আহমেদ জাকি: দ্বিতীয় অ্যালবামের কাজে আমরা অলরেডি অনেকটা এগিয়েছি। হয়ত মাস খানেক সময় লাগবে শেষ হতে। আমাদের এই অ্যালবামটির নাম ‘অমীমাংসিত’। 

অ্যালবামটিতে মোট কয়টি গান থাকছে? 

আহমেদ জাকি: ৬টি গান থাকবে। 

সংগীতজীবন নিয়ে আগামীতে আপনার পরিকল্পনা কী? 

আহমেদ জাকি: পরিকল্পনা খুব স্পষ্ট- গান করে যেতে চাই, গেয়ে যেতে চাই, ভাবনাগুলো মানুষের অব্দি পৌঁছাতে চাই। 

শুনেছি এ বছরই বিয়ে করেছেন। জীবনের নতুন এই অধ্যায় কেমন কাটছে? 

আহমেদ জাকি: নতুন অধ্যায় নতুন অনুভূতি অবশ্যই। তবে সঠিক মানুষটা জীবনে পাওয়া একটা ঐশ্বরিক ব্যাপার, আর সে ব্যাপারটাই উপভোগ করছি। বেশ স্নিগ্ধতার মাঝে দিয়েই কাটছে, সব মিলিয়ে বেশ ভালো। 

শুভকামনা আপনার জন্য। 

আহমেদ জাকি: আপনার জন্যও শুভকামনা। 

Mahfuzur Rahman

Publisher & Editor