শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মিরাবিটো স্টেডিয়ামের কাছে ৩১ মিলিয়ন ডলারের আবাসন প্রকল্প

আলবানির সহায়তা চাইলেন বিংহ্যামটনের নেতারা

প্রকাশিত: ১৭:০২, ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১২৬

বিংহ্যামটন, নিউ ইয়র্ক : বিংহ্যামটনের মিরাবিটো স্টেডিয়ামের কাছে ৩১ মিলিয়ন ডলারের একটি মিশ্র-ব্যবহারের সাশ্রয়ী আবাসন প্রকল্প বাস্তবায়নে নিউ ইয়র্ক স্টেটের সহায়তা চেয়েছেন স্থানীয় ও রাজ্য পর্যায়ের নির্বাচিত কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিংহ্যামটন মেয়র জ্যারেড ক্রাহাম, স্টেট সিনেটর লিয়া ওয়েব, অ্যাসেম্বলি সদস্য ডোনা লুপার্ডো, ব্রুম কাউন্টি এক্সিকিউটিভ জেসন গার্নারসহ কাউন্টি ও সিটি পর্যায়ের একাধিক কর্মকর্তা নিউ ইয়র্ক স্টেটের Division of Housing and Community Renewal (DHCR)-এর প্রতি এই প্রকল্পের জন্য সহায়তা দেওয়ার আহ্বান জানান।

প্রস্তাবিত ‘Stadium Lofts’ প্রকল্পটি বিংহ্যামটনের 180 Henry St. এবং আশপাশের খালি জমিতে নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সেখানে ৬৫টি সাশ্রয়ী মূল্যের আবাসন ইউনিট তৈরি হবে।

শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব অ্যাপার্টমেন্ট এলাকার মধ্যম আয়ের (AMI) ৩০ থেকে ৮০ শতাংশ আয়ের পরিবারগুলোর জন্য সংরক্ষিত থাকবে। এর ফলে বিশেষ করে নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য আবাসনের সুযোগ বাড়বে। প্রকল্পের একটি অংশ এমন পরিবারগুলোর জন্য নির্ধারিত থাকবে, যাদের বার্ষিক আয় ২০ হাজার বা ৩৫ হাজার ডলারের নিচে।

মেয়র ক্রাহাম বলেন, “বিংহ্যামটনে আবাসনের চেয়ে বড় কোনো প্রয়োজন নেই।” তিনি জানান, স্টেডিয়াম ডিস্ট্রিক্টকে আরও প্রাণবন্ত ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করার জন্য শহর ইতোমধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করেছে।

বিংহ্যামটন রাম্বল পোনিজের সঙ্গে শহরের চুক্তি অব্যাহত থাকার বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, স্টেডিয়ামের আশপাশের এলাকাগুলো এমন হওয়া উচিত, যেখানে পরিবারগুলো হাঁটতে যেতে এবং বসবাস করতে আগ্রহী হবে।

তিনি আরও বলেন, এলাকাটির অবকাঠামো উন্নয়নে শহর ইতোমধ্যে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। Stadium Lofts প্রকল্পের জন্য রাজ্যের সহায়তা পেলে স্টেডিয়াম এলাকাকে একটি বছরব্যাপী প্রাণবন্ত ও হাঁটাচলার উপযোগী বাণিজ্যিক করিডোরে পরিণত করার পরিকল্পনা আরও এগিয়ে যাবে।

রাজ্যের কাছে কর-ছাড়ের আবেদন

Stadium Lofts প্রকল্পটি নিউ ইয়র্ক স্টেটের প্রতিযোগিতামূলক Low-Income Housing Tax Credit (LIHTC) কর্মসূচির মাধ্যমে অর্থায়ন সহায়তার জন্য আবেদন করেছে। এই কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়ার আবাসন নির্মাণে ডেভেলপারদের কর-ছাড়সহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়।

এবারের আবেদনের তালিকায় ব্রুম কাউন্টি থেকে Stadium Lofts-ই একমাত্র সাশ্রয়ী আবাসন প্রকল্প বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

প্রকল্পটিতে সহায়তার জন্য বিংহ্যামটন শহর ইতোমধ্যে ৪ লাখ ডলারের বেশি HOME Investment Partnership Program তহবিল বরাদ্দ করেছে। এছাড়া Henry ও Pine Streets-এর খালি জমিগুলো প্রকল্পের উদ্যোক্তার কাছে মাত্র ১ ডলারে হস্তান্তর করা হয়েছে।

২০২৭ সালে ১২ মিলিয়ন ডলারের রাস্তা উন্নয়ন

Stadium Lofts ছাড়াও স্টেডিয়াম এলাকাকে পুনরুজ্জীবিত করতে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শহরের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে Henry Street পুনর্নির্মাণে ১২ মিলিয়ন ডলারের প্রকল্প অব্যাহত থাকবে।

এই প্রকল্পের আওতায় থাকবে পথচারীদের নিরাপত্তা বৃদ্ধি, রাস্তার সৌন্দর্যায়ন, বৃষ্টির পানি ব্যবস্থাপনা, ইউটিলিটি উন্নয়ন, নতুন ট্রাফিক সিগন্যাল এবং স্ট্রিট লাইট স্থাপন।

শহর কর্তৃপক্ষের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মিরাবিটো স্টেডিয়ামকে ঘিরে এলাকাটি আরও আবাসনবান্ধব, হাঁটাচলায় সুবিধাজনক এবং বছরজুড়ে প্রাণবন্ত বাণিজ্যিক ও আবাসিক এলাকায় পরিণত হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor