শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেঘলা আঁধার

প্রকাশিত: ০৭:১৭, ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮

এলে পরে আষাঢ় মাস

পাই কদমে ফুল সুবাস

বৃষ্টিফোঁটার দারুণ সুর

মনকে টানে অচিনপুর।

 
ঝুমুর-ঝুমুর-ঝুম তালে

নৌকা ভাসে ধুম তালে

হাওরজলে ছলাত-ছল

বইঠাতে হয় সুর-মাদল।
 

আষাঢ় হলো বর্ষাকাল

এই কালো, ফর্সা কাল

পাই যে মেঘের ঘনঘটা

ঝরবে আরো বৃষ্টিছটা।


মেঘের কালি দূরে যায়

মেঘরা হঠাৎ উড়ে যায়

মেঘলা আঁধার বিনাশে

ওই রৌদ্রের দিন আসে।
 

আঁধারভেদী সূর্যকিরণ

যথাযথই হয় উদগিরণ

বর্ষা গেলে আকাশনীল

হবেই এ দেশ অনাবিল।

Mahfuzur Rahman

Publisher & Editor