বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মুশতাকের চোখে বিশ্বের সেরা তিন স্পিনারের একজন তাইজুল

প্রকাশিত: ০৭:০৪, ১০ সেপ্টেম্বর ২০২৬ |

বিশ্বের সেরা স্পিনারদের তালিকায় বাংলাদেশের তাইজুল ইসলামকে রেখেছেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ। স্পিন কিংবদন্তিদের অন্যতম এই ক্রিকেটার বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন।

সম্প্রতি উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে সময়ের সেরা তিন স্পিনার হিসেবে তাইজুলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদের নাম উল্লেখ করেছেন তিনি। তবে এই তালিকায় অস্ট্রেলিয়ার নাথান লায়নকেও রাখতে চান মুশতাক।

লায়নকে ওয়ানডে দলে না রাখায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। তিনি বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না- এতে আমি বিস্মিত। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনও ওকে বিবেচনা করেনি।’

তাইজুল, মহারাজ ও রশিদকে এগিয়ে রাখার কারণও ব্যাখ্যা করেছেন মুশতাক। তিনি বলেন, ‘তাইজুলের ২৭০ এরও বেশি উইকেট আছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদসহ অনেকেই আছেন, যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়ত পেরিয়ে গেছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো বোলিং করতে পারাটাকেই একজন স্পিনারের অন্যতম বড় গুণ হিসেবে দেখেন মুশতাক। তার মতে, বর্তমান সময়ে ব্যাটারদের টেকনিক বুঝে তাদের চ্যালেঞ্জ করতে পারেন এমন স্পিনারদের গুরুত্ব অনেক বেশি।

তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার… এখন অন্যদের টেকনিক ধরা ফেলা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।’

Mahfuzur Rahman

Publisher & Editor