বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

৪১তম ফোবানা চার ভাগে, আগামী বছর ডিসি-নিউইয়র্ক-হিউস্টনে সম্মেলন

প্রকাশিত: ০৬:৪২, ১০ সেপ্টেম্বর ২০২৬ |

ঐক্যের প্রত্যাশা থাকলেও বিভক্তির বৃত্ত থেকে বের হতে পারছে না উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)। চলতি বছরের লেবার ডে উইকেন্ডে নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া ও কানাডার টরন্টোতে পৃথকভাবে চারটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর আগামী বছরও অন্তত তিনটি শহরে পৃথক ফোবানা সম্মেলনের প্রস্তুতি স্পষ্ট হয়েছে। এর সঙ্গে নিউইয়র্ক স্টেটের বাফেলো যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ফোবানার দীর্ঘদিনের বিভক্তি নিয়ে ঐক্যের আলোচনা থাকলেও বাস্তবে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বরং চার দশকের পুরোনো এই সংগঠনটি গত কয়েক বছরে ভাঙতে ভাঙতে একাধিক পৃথক ধারায় বিভক্ত হয়েছে। ফলে ‘ঐক্য’ এখনো সম্মেলনের অন্যতম প্রধান স্লোগান হলেও সাংগঠনিক বাস্তবতায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

এবারের লেবার ডে উইকেন্ড—৪ থেকে ৬ সেপ্টেম্বর—নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া ও কানাডার টরন্টোতে পৃথক ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সম্মেলনগুলোর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর লেবার ডে উইকেন্ডে ওয়াশিংটন ডিসিতে ‘ইউএস-বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন’, নিউইয়র্ক সিটিতে ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’ এবং টেক্সাসের হিউস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পৃথক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, টরন্টোতে অনুষ্ঠিত সম্মেলনের পক্ষ থেকে এখনো ৪১তম সম্মেলনের হোস্ট সিটি ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে, নিউইয়র্ক স্টেটের বাফেলো হতে পারে তাদের পরবর্তী সম্মেলনের সম্ভাব্য ভেন্যু।

Mahfuzur Rahman

Publisher & Editor