বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

২০ বছর পর রানি-অভিষেক জুটি!

প্রকাশিত: ০৭:৫১, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকের আগ্রহ প্রতিদিনই বাড়ছে। একের পর এক তারকার যুক্ত হওয়ার খবরে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

এবার সেই তালিকায় যোগ হয়েছে আরো চমকপ্রদ এক খবর—দুই দশক পর বড় পর্দায় একসঙ্গে ফিরতে পারেন রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় রানি ও অভিষেককে একে অপরের বিপরীতে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও তাঁদের চরিত্র কিংবা অভিনয়ের বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে গুঞ্জন ছিল, সিনেমাটিতে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে রানিকে।

তবে অভিষেকের সঙ্গে তাঁর সম্ভাব্য পুনর্মিলনের খবর সামনে আসায় ‘কিং’-এর কাস্ট নিয়ে দর্শকের কৌতূহল আরো বেড়েছে।
শুধু রানি-অভিষেক নয়, এই সিনেমার মাধ্যমে বহুদিন পর পর্দায় ফিরতে চলেছে শাহরুখ খান ও রানি মুখার্জির জনপ্রিয় জুটিও। ২০০৬ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি আলভিদা না কেহনা’ সিনেমায় শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।

অন্যদিকে, ‘কিং’ সিনেমার কাস্টও বেশ তারকাবহুল।

শাহরুখ খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খানের পাশাপাশি সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং রাঘব জুয়েলের মতো তারকারাও রয়েছেন বলে জানা গেছে।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমাটির। সিনেমাটি মুক্তির আগেই একের পর এক চমক সামনে আসায় শাহরুখ-ভক্তদের অপেক্ষাও যেন আরো দীর্ঘ হচ্ছে।

Mahfuzur Rahman

Publisher & Editor