হরর জগতের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘অ্যাশ উইলিয়ামস’ ও বিখ্যাত ‘ইভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত আছেন অভিনেতা ব্রুস ক্যাম্পবেল। অভিনয়ের পাট বহু আগেই চুকিয়েছিলেন, তবে এতদিন সিনেমাগুলোর প্রযোজনার কাজে সক্রিয় ছিলেন তিনি।
এবার কেবল অভিনয়ই নয়, সিনেমাটির মূল প্রযোজনার দায়ভার থেকেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এই হলিউড তারকা।
সম্প্রতি কোলাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাম্পবেল জানান, ‘ইভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির নিয়মিত প্রযোজনা থেকেও তিনি দূরত্ব তৈরি করছেন। এর আগের পর্বগুলোতে আন্তর্জাতিক পোস্ট-প্রোডাকশন বা শব্দ সম্পাদনার কাজে তিনি সরাসরি উপস্থিত থাকলেও, সাম্প্রতিক ‘ইভিল ডেড বার্ন’ পর্বে তার উপস্থিতি ছিল একদমই নগণ্য। স্টুডিও সিস্টেমের বাঁধাধরা নিয়ম ও কাজের ধকলের কারণেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ক্যাম্পবেল স্পষ্ট করেছেন, সহ-নির্মাতা স্যাম রাইমি বা রব ট্যাপার্টের সঙ্গে কোনো মতবিরোধের কারণে তিনি সরছেন না। বরং তিনি মনে করেন, আগের মতো উৎসাহ নিয়ে প্রযোজনায় সময় দিতে পারছেন না বলেই সরে দাঁড়ানো দরকার। তবে ফ্র্যাঞ্চাইজিটি নতুন ও তরুণ নির্মাতাদের হাতে নিরাপদ বলেই বিশ্বাস করেন তিনি। অভিনয়ে না ফেরা কিংবা প্রযোজনায় সরাসরি না থাকলেও, ইভিল ডেড পরিবারের একজন অংশীদার হিসেবে পরামর্শকের ভূমিকায় সবকিছুর খবর তিনি রাখবেন।
Publisher & Editor