বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রতিভাবান ফুটবলার ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত পারফরম্যান্সে উৎসবের রাত কাটাল বোরহাম উড। ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপে নিউক্যাসল ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে তারা।
ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি জয়সূচক গোলটিতেও দারুণ এক সহায়তা করেন ফারহান। নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতেই।
খেলার শুরুটা অবশ্য বোরহাম উডের জন্য খুব একটা সুখকর ছিল না। ম্যাচের প্রথম ২৫ মিনিট আক্রমণের পসরা সাজিয়ে স্বাগতিকদের চেপে ধরেছিল নিউক্যাসলের তরুণরা।
১০ মিনিটে মাতেওস ফেরেইরার লক্ষ্যভেদে এগিয়েও যায় তারা। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে বোরহাম উড। এর মূল কারিগর ছিলেন ফারহান। বিরতির ঠিক আগে ট্যারিন আলারাখিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাস খেলে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান এই বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার।
১-১ সমতা নিয়ে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় বোরহাম উড। একের পর এক আক্রমণ সাজিয়ে ৭২ মিনিটে কাঙ্ক্ষিত সেই জয়সূচক গোলের দেখা পায় তারা। ডানপ্রান্ত থেকে ফারহানের নিখুঁত ক্রস থেকে হেডে জাল কাঁপান বদলি নামা জ্যাক ব্রান্ট। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন ফারহান, তবে তার দূরপাল্লার শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
শনিবার কার্লাইল ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর এই ম্যাচে নিয়মিত একাদশের বেশ কজন তারকাকে বিশ্রামে রেখেছিলেন বোরহাম উডের কোচ লুক গ্যারার্ড।
মূল একাদশে সুযোগ পেয়েই নিজের সক্ষমতার জানান দিলেন ফারহান।
Publisher & Editor