প্রথমবারের মতো বেসরকারী বিনিয়োগে প্রবেশ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগ (বিবিএল)। এর অংশ হিসেবে লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনগেডসকে বেসরকারী মালিকানায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দরপত্র আহ্বানের মাধ্যমে ২০২৭-২৮ মৌসুম থেকেই নতুন মালিকানায় মাঠে নামবে দলটি।
রেনগেডসের নিলাম প্রক্রিয়া সফল হলে পরবর্তীতে অন্যান্য ক্লাবগুলোকেও নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে বেসরকারী খাতে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে গত এপ্রিলে বিবিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ৪৯% এবং দুটি দল থাকা রাজ্যগুলোর একটি করে দলের শতভাগ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছিল সিএ। তবে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরোধিতায় সেই পরিকল্পনা আটকে যায়। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বিভিন্ন টি-টোয়েন্টি লিগের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর মানোন্নয়নে নতুন এই আর্থিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বর্তমানে ২০১৮-১৯ মৌসুমে বিবিএলের শিরোপাজয়ী রেনগেডসের মালিকানায় রয়েছে ক্রিকেট ভিক্টোরিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে অস্ট্রেলিয়ান ক্রিকেট এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Publisher & Editor