শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কফি ছেড়ে এক বিশেষ পানীয় খাচ্ছেন সোহা, কী আছে এতে?

প্রকাশিত: ০৩:৪৭, ০৫ সেপ্টেম্বর ২০২৬ |

একসময় দিনের শুরুতে কফি ছিল সোহা আলি খানের নিত্যসঙ্গী। তবে এখন সেই অভ্যাস বদলে গেছে। বলিউডের এই অভিনেত্রী বর্তমানে প্রতিদিন সকালে খালি পেটে পান করেন বিশেষ একটি ‘লেমন গাট হিল ড্রিঙ্ক’, যা তিনি নিজেই তৈরি করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সোহা জানান, আগে প্রতিদিন সকালে কফি খেলেও এখন তিনি নিয়মিত এই পানীয় পান করেন। তার দাবি, পানীয়টি খাওয়ার পর শরীরে ইতিবাচক পরিবর্তন তিনি নিজেই অনুভব করছেন। প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করার প্রায় ২০ মিনিট পর অন্য খাবার খান তিনি।

গ্যাস, অম্বল, পেট জ্বালা কিংবা পেট ফাঁপার মতো সমস্যায় অনেকেই ভোগেন। সোহার মতে, তার এই পানীয় এমন সমস্যাগুলো কমাতে সহায়তা করতে পারে। এতে ব্যবহৃত হয় লেবু, আদা, হলুদ ও চিয়া সিড। ৪৭ বছর বয়সি এই অভিনেত্রীর ভাষ্য, ঈষদুষ্ণ পানি হজমপ্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করে, লেবু অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণে রাখে, আর আদা ও হলুদ প্রদাহ কমাতে কার্যকর। অন্যদিকে চিয়া সিড শরীরে প্রয়োজনীয় ফাইবারের জোগান দেয়।    

পানীয়টি তৈরি করতে এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস, এক চিমটি পিঙ্ক সল্ট, এক চিমটি হলুদ গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, সারারাত ভিজিয়ে রাখা চিয়া সিড এবং কুঁচি করা আদা মিশিয়ে নিতে হবে। এরপর খালি পেটে পান করা যায়।

তবে এই পানীয় সবার জন্য উপযোগী নাও হতে পারে বলে সতর্ক করেছেন সোহা। যাদের অম্বলের সমস্যা রয়েছে, যাঁরা দীর্ঘদিন পেটের বিভিন্ন জটিলতায় ভুগছেন বা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিতে আছেন, তাদের ক্ষেত্রে এটি উপযুক্ত নাও হতে পারে। তাই কোনো নতুন খাদ্যাভ্যাস শুরু করার আগে নিজের শারীরিক অবস্থা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, খালি পেটে কফি পান করলে অনেকের ক্ষেত্রে গ্যাস ও অম্বলের সমস্যা বাড়তে পারে। অন্যদিকে আদা, হলুদ, চিয়া সিড ও লেবুর সমন্বয়ে তৈরি পানীয় হজমে সহায়ক হতে পারে। তবে এটি পান করার আগে নিজের শরীরের প্রতিক্রিয়া ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

১. সোহার লেমন গাট-হিল ড্রিঙ্কে কী কী থাকে?

লেবুর রস, আদা, হলুদ, চিয়া সিড, গোলমরিচ ও পিঙ্ক সল্ট থাকে।

২. কী ভাবে এই পানীয় বানাবেন?

ঈষদুষ্ণ জলে সব উপকরণ মিশিয়ে পান করতে পারেন।

৩. কখন এই পানীয় খান সোহা?

সোহা সকালে খালি পেটে পান করেন এবং প্রায় ২০ মিনিট পরে খাবার খান।

৪. এই পানীয় কি সকলের জন্য উপযোগী?

না। অম্বল, পেটের সমস্যা বা কিডনিতে পাথরের ঝুঁকি থাকলে এটি উপযোগী নাও হতে পারে।

৫. এই পানীয়ের মূল উপকারিতা কী?

সোহার মতে, ঈষদুষ্ণ জল হজমতন্ত্রকে সক্রিয় করতে সাহায্য করে, আদা-হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে এবং চিয়া সিড ফাইবারের জোগান দেয়।    

Mahfuzur Rahman

Publisher & Editor