মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

১ বল করতে ১০০ কিলোমিটার রান-আপ!

প্রকাশিত: ০৭:১২, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১০

শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন! অবাক হওয়ারই কথা। মাঠের বাউন্ডারি লাইনই তো ১০০ মিটার হয় না।

সেখানে একটা বল করতে ১০০ কিলোমিটারের রান-আপ কীভাবে নেন একজন বোলার এমনটাই ভাবছেন তাই তো? 
এক কাঠি সরেস হয়ে হয়তো এমনটাও ভাবছেন সাংবাদিক ভুল করে লেখেননি তো। ভুল করে নয়, সত্যই লেখা হয়েছে। তবে পেশাদার কোনো ম্যাচ নয়, এক বলের চ্যারিটি ম্যাচে। সেই ম্যাচে অংশগ্রহণ করেছেন বাবা-ছেলে।

ছেলে স্যাম বোদোয়ানোর বোলিংয়ের বিপরীতে ব্যাট করেছেন বাবা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের প্রয়াত স্ত্রীর স্মৃতিতে গঠিত রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের (Ruth Strauss Foundation) অর্থ সংগ্রহে এই পাগলাটে রান-আপ নিয়েছেন বোদোয়ানো। দাতব্য কাজের দৌড়ে তিনি ৬ হাজার পাউন্ড অর্থ তুলতে সক্ষম হয়েছেন। 

বোদোয়ানো রান-আপের শুরুটা করেন ক্রিকেটের তীর্থভূমি নামে পরিচিত লর্ডস থেকে।

গন্তব্য ছিল ওয়াকিংয়ের ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাব। ইংল্যান্ড-পাকিস্তানের লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যায় বল হাতে দৌড় শুরু করেন তিনি। প্রায় ১০০ কিলোমিটার দৌড়ে স্ট্রাইক প্রান্তে ব্যাট হাতে থাকা বাবার দিকে বল ছুঁড়েন তিনি। অফ স্টাম্পের বেশ বাইরে করা বলটা ব্যাটে লাগান তার বাবাও। এরপর সকলে আনন্দিত হয়ে করতালি দিতে থাকেন।
 
টেস্ট ক্রিকেটের পোশাক পরিহিত বোদোয়ানো নির্ধারিত সময়ের আগেই বোলিং প্রান্তে অবস্থান নেন। রবিবার দুপুর ২টায় বল করার কথা থাকলেও ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাবে আগেই হাজির হন তিনি। আগের রেকর্ডটি ছিল অন্য একজনের ২৪ কিলোমিটারের। এমন দৌড় আগেও দিয়েছেন বোদোয়ানো। সেবার ক্রিকেট প্যাড পরে ও হাতে ব্যাট নিয়ে ৫ কিলোমিটার দৌড়ে আলোচনায় এসেছিলেন তিনি। সময় নিয়েছিলেন ২০ মিনিটের কম।

Mahfuzur Rahman

Publisher & Editor