চিত্রনায়িকা পপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।
’ তবে এমন বক্তব্য তিনি কখনো দেননি বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
ভাইরাল মন্তব্যের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি বলেন, তিনি কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখেননি। বরং তাঁর কাছে চলচ্চিত্র জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র একটি জায়গা।
ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার।
এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’
পপির দাবি, পরিবারের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত একটি প্রসঙ্গে বলা কিছু কথাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে আমাকে অপমান করা হয়েছে।
একজন শিল্পীর দীর্ঘ ক্যারিয়ার, শ্রম ও ত্যাগের প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব বলেও মনে করেন পপি। প্রায় তিন দশকের অভিনয়জীবনে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের অবদান তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে আছে বলে জানান তিনি।
পপির প্রশ্ন, ‘ফিল্ম থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে? আমি যতদিন বেঁচে থাকব, চলচ্চিত্রের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে।’
তিনি আরো বলেন, ‘একজন শিল্পী এমনিতেই তৈরি হয় না। অনেক ত্যাগের মাধ্যমে একজন শিল্পী তৈরি হয়।
শিল্পীকে সবারই সম্মান দেওয়া উচিত। ফিল্মে আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ার। সেই জায়গা থেকে এতটুকু সম্মান পেতে পারি না? আমি এখন ফিল্মে কাজ করি না ঠিক আছে তার মানে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। একটা পরিবারে বসবাস করছি। ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? এত বছর যা অর্জন করেছি তা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যেভাবে কটাক্ষ করে কথাগুলো ছড়ানো হয়েছে তা এভাবে বলিনি। আমার কথা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবারও বলছি, ফিল্ম আমার কাছে সবচেয়ে সম্মানের জায়গা, দ্বিতীয় পরিবার।’
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন পপি। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে সুখে আছেন বলে জানিয়েছেন তিনি। নিয়মিত নামাজ-রোজা পালন এবং পারিবারিক জীবনেই এখন বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী।
অভিনয়ে ফেরার সম্ভাবনা আপাতত কম হলেও ভবিষ্যতে প্রযোজনায় যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে পপির। পাশাপাশি ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে তাঁর অনুরোধ, যাচাই-বাছাই না করে কোনো বিভ্রান্তিকর বক্তব্য বিশ্বাস বা প্রচার না করা।
সবশেষে চলচ্চিত্রের মানুষের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানিয়ে পপি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না।’
Publisher & Editor