সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বাংলাদেশের কাছে হেরে সমালোচনার মুখে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ২৩:৫২, ১৬ আগস্ট ২০২৬ | ১৩

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া।

ডারউইন টেস্টে টাইগারদের কাছে পরাজিত হওয়ায় হতবাক রিকি পন্টিং, মার্ক ওয়া এবং ম্যাথু হেডেনের মতো অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা।

ডারউইনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪২৬ রান করে টাইগাররা।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৮৬ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য চতুর্থ ইনিংসে মাত্র ৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। 

ঘরের মাঠে টেস্টে পরাজিত হওয়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, বাংলাদেশ ব্যাট, বল এবং ফিল্ডিং এই তিন বিভাগে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতেছে। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পরাজয়ে হতাশা প্রকাশ করে সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন, একটা সময় আসে, যখন কাউকে বাদ দেওয়ার কথা ভাবতেই হয়। এখানে আসার আগে থেকেই যথেষ্ট প্রমাণ ছিল যে নতুন ওপেনার বা তিন নম্বরে নতুন কাউকে খেলালেও অস্ট্রেলিয়া খুব বেশি কিছু হারাত না। আর যদি এখানে হারে, তাহলে সেই পরিবর্তন করতেই হবে।

মার্ক ওয়ার মতে, বাংলাদেশের কাছে এই হার অস্ট্রেলিয়ার মাটিতে তার দেখা সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় এর চেয়ে বড় অঘটন আমার মনে পড়ে না। কয়েক বছর আগে গাব্বায় ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সেটিও বড় অঘটন ছিল। কিন্তু এবার পরিস্থিতি আরও বিস্ময়কর। বাংলাদেশের সেরা দুই বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলামও খেলছে না। র‌্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান এবং অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল—সব মিলিয়ে এটি বিশাল অঘটন।

ম্যাথু হেডেন বলেন, ওপেনিং হেডের সেরা জায়গা নয়। আমার মনে হয়, পাঁচ নম্বরেই ওর সেরা ক্রিকেটটা আসে। আমি অ্যালেক্স ক্যারিকে পাঁচ নম্বরে নামানোর পক্ষেও নই। পুরো বিষয়টা একটু নড়বড়ে ও অনিশ্চিত মনে হচ্ছে।

হেডেন আরও বলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট এতটাই শক্তিশালী যে এমন অবস্থায় থাকার কথা নয়। কিন্তু কাকে নেওয়া হবে, সেটিই বড় প্রশ্ন। ম্যাচ ফিট ক্রিকেটারকে নেওয়া হবে, নাকি প্রতিভার ভিত্তিতে কাউকে সুযোগ দেওয়া হবে—যেমন স্যাম কনস্টাস?

বাংলাদেশের কাছে এই ঐতিহাসিক হারের পর এখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দল নির্বাচন নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। পন্টিং ও হেডেনের পরামর্শ মেনে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসে কি না, নাকি কামিন্সরা একই দল নিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, সেদিকেই নজর ক্রিকেটবিশ্বের।

Mahfuzur Rahman

Publisher & Editor