শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন

প্রকাশিত: ০৬:৫৮, ১৪ আগস্ট ২০২৬ | ১৬

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, এবার মাঠে ফেরার পালা। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর প্রথমবার আল নাসরের অনুশীলনে যোগ দিয়েই সতীর্থদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বিশেষ আয়োজন যেন তার নতুন জীবনের উদযাপনকেই আরও রঙিন করে তুলল।

পর্তুগালের কাসকাইসে ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোনালদো। জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র দুই দিন পরই তিনি ফিরে আসেন আল নাসরের অনুশীলনে। আর সেখানেই অপেক্ষা করছিল সতীর্থ ও কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা। খবর স্প্যানিশ দৈনিক মার্কার।

আল নাসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন মৌসুম সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন কোচ পোস্তেকোগলু। এরপর দলের অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানাতেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো চারপাশ। হাসিমুখে মাথা নত করে সতীর্থদের শুভেচ্ছা গ্রহণ করেন পর্তুগিজ তারকা। এদিন নতুন হেয়ারস্টাইলেও নজর কাড়েন তিনি। 

প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো ও জর্জিনা। তাদের পারিবারিক এই আয়োজনে উপস্থিত ছিল পাঁচ সন্তানও। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার বিয়ে ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জল্পনা থাকলেও বাস্তবে এটি ছিল একান্তই সীমিত পরিসরের পারিবারিক আয়োজন।

এখন ব্যক্তিগত জীবনের আনন্দ পেছনে রেখে আবারও ফুটবলে মনোযোগ দিচ্ছেন রোনালদো। সামনে সৌদি প্রো লিগের নতুন মৌসুম। আল নাসরকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নেয়ার পাশাপাশি ক্যারিয়ারের বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলকের দিকেও চোখ থাকবে পর্তুগিজ মহাতারকার।

Mahfuzur Rahman

Publisher & Editor