সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রথমবার বিশ্বকাপে মালাউই

প্রকাশিত: ০২:২৭, ১০ আগস্ট ২০২৬ |

নারী আফ্রিকা কাপ অব নেশনসে রূপকথার মতো অভিষেক ধরে রেখেছে মালাউই। রোববারের শেষ কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে দলটি।

রোজ কাদজেরে ৭৯তম মিনিটে জয়সূচক গোল করেন। জন্মসূত্রে ইংলিশ স্ট্রাইকার শান্তেলে বোয়ে-গ্লোরকাহ সপ্তম মিনিটে এগিয়ে দেন ঘানাকে। তারপর ১২তম মিনিটে তেম্বা চাভিঙ্গা সমতা ফেরানো গোল করেন।

ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ দলের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেছে আফ্রিকা থেকে চার দল, তাদের একটি মালাউই। তারা আলজেরিয়া, ক্যামেরুন ও মরক্কোর সঙ্গে যোগ দিয়েছে। আফ্রিকা কাপ অব নেশনসে চার কোয়ার্টার ফাইনাল জয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

বুধবার প্রথম সেমিফাইনালে মালাউই আলজেরিয়ার মুখোমুখি হবে। তারপর স্বাগতিক মরক্কো খেলবে ক্যামেরুনের বিপক্ষে। ক্যাসাব্লাঙ্কায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে বিদায় করেছে ক্যামেরুন।

আগের ৯ বিশ্বকাপের সবগুলোতেই খেলা নাইজেরিয়াকে এখন বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে। আফ্রিকা থেকে আর দুটি দলের বিশ্বকাপে স্থান পাওয়ার সুযোগ আছে। ১০ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া বাদ পড়ায় এবার নারীদের আফকনে নতুন শিরোপা জয়ী দল পাওয়া যাবে। তারা বাদে কেবল আফকন জিতেছে ইকুয়েটরিয়াল গিনি ও দক্ষিণ আফ্রিকা।

Mahfuzur Rahman

Publisher & Editor