রবিবার, ০৯ আগস্ট ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে ইতালিতে আটকা বিমানের ২৫৬ যাত্রী, ঢাকা থেকে যাচ্ছেন প্রকৌশলী

প্রকাশিত: ০৪:১৯, ০৮ আগস্ট ২০২৬ | ১৯

যুক্তরাজ্য থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ ঘণ্টা ধরে আটকে আছে। ফ্লাইটটিতে ২৫৬ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘ অপেক্ষায় পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) লন্ডন থেকে ছেড়ে আসা বিমানটি রোম বিমানবন্দরে জ্বালানি ও ক্যাটারিং (খাবার) সংগ্রহের পর ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়নের কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমানটি উড্ডয়ন করতে পারেনি। প্রায় আট ঘণ্টা পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে। সেখানে পৌঁছে প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ করবেন।

বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সমস্যায় পড়লেও স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ তুলেছেন বিমানের যাত্রীরা। এ কারণে ঢাকা থেকেই প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আটকে পড়া যাত্রীদের জন্য খাবার, আবাসন এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঘটনার পর প্রশ্ন উঠেছে, বিদেশের বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির পর যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হয়নি কেন। একই সঙ্গে স্থানীয়ভাবে প্রয়োজনীয় কারিগরি সহায়তা না পাওয়ার অভিযোগও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে এই লন্ডনগামী ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি করে জ্বালানি ও ক্যাটারিং সংগ্রহ করত। পরবর্তীতে রুট পরিবর্তনের পর বর্তমানে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করছে।

এদিকে শনিবার রাত ১টায় ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে বিমানের আরেকটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

Mahfuzur Rahman

Publisher & Editor