রবিবার, ০২ আগস্ট ২০২৬

আইডাহো অঙ্গরাজ্যের শপিং এলাকায় গুলি, নিহত ৩

প্রকাশিত: ০৭:১৮, ০২ আগস্ট ২০২৬ | ১০

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিং এলাকায় বন্দুকধারীর গুলিতে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁর কাছে গুলির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের জানান, হামলাকারী মারা গেছে এবং এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। পুলিশ হামলাকারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

শহরের জনসংযোগ কর্মকর্তা জশ পামার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে বন্দুকধারীও রয়েছে। এছাড়া অন্তত দুইজন আহত হয়েছেন।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি সড়ক ও একটি নিকটবর্তী সেতু সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি যুক্তরাষ্ট্রের আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত।

Mahfuzur Rahman

Publisher & Editor