রবিবার, ০২ আগস্ট ২০২৬

উত্তেজনা বাড়ার আশঙ্কায় পিছু হটছেন ট্রাম্প?

প্রকাশিত: ০৭:১৬, ০২ আগস্ট ২০২৬ |

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সরে আসার সিদ্ধান্তকে সম্ভাব্য বড় ধরনের সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলেন, ট্রাম্প কেন পরিকল্পিত হামলা বাতিল করেছেন, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আলোচনায় কী ধরনের বার্তা বা আশ্বাস দেওয়া হয়েছে, সেটিও এখনও স্পষ্ট নয়।

তবে তার ধারণা, ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। হ্যারিসনের ভাষায়, সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকির কারণেই ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটেছেন বলে মনে করতে পারে তেহরান।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা নিয়ে স্পষ্ট কোনো সমঝোতা না হলে সাম্প্রতিক পরিস্থিতিকে প্রকৃত অর্থে উত্তেজনা প্রশমনের লক্ষণ বলা যাবে না।

হ্যারিসনের মতে, গত কয়েক সপ্তাহের সংঘাতের অন্যতম কারণ ছিল জুন মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের অস্পষ্ট ব্যাখ্যা। 

তার দাবি, ইরান ওই সমঝোতার একটি ধারাকে এমনভাবে ব্যাখ্যা করেছিল, যাতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের হাতে থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওমানের সহায়তায় জাহাজগুলোকে প্রণালির দক্ষিণ উপকূল ঘেঁষে চলাচলের ব্যবস্থা করে, যা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেয়।

তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে সুস্পষ্ট সমঝোতা না হলে বর্তমান বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তার ভাষায়, সাম্প্রতিক ঘোষণা কেবল আরেকটি সাময়িক বিরতি হতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor