নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। ২৬ জুলাই রবিবার সিটির ৫০২ উত্তর এনাপলিস এভিনিউস্থ মাঠে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। কমিউনিটির যুব সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিএএসি। এই টুর্নামেন্টে নিউ ইয়র্ক , নিউ জার্সি ও পেন্সিলভেনিয়া রাজ্যের বারোটি ক্রিকেট দল অংশগ্রহণ করে।
ওইদিন সকালে ক্রিকেট সংগঠক সাব্বির হোসেন ভূঁইয়া বিএএসি নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
ক্রিকেট টুর্নামেন্টে কর্ণারড টাইগার ক্রিকেট দল পাক কাশ্মীর ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হিসেবে ইমতিয়াজ ও সেরা বোলার হিসেবে সালমান নির্বাচিত হয়েছেন । টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারহান। বিএএসির কর্মকর্তারা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ক্রিকেটের উন্মাদনা উপভোগ করতে বিভিন্ন কমিউনিটির লোকজন এবং ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন । সংগঠনের ক্রীড়া সম্পাদক রাজিব চৌধুরী টুর্নামেন্টটি আয়োজনে মুখ্য ভূমিকা রাখেন। তাকে সহযোগিতা করেন তপু,আহমেদ, মনসুর প্রমুখ। বিএএসি সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ টুর্নামেন্ট সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
Publisher & Editor