বলিউড অভিনেতা রণবীর কাপুর নিশ্চিত করেছেন, তিনি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘ধুম ৪’-এর অংশ নন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনে অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর প্রচারণায় অংশ নিয়ে নিজের আগামী সিনেমাগুলো নিয়ে কথা বলেন তিনি।
দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, যশ রাজ ফিল্মসের ‘ধুম’ সিরিজের নতুন কিস্তিতে রণবীর কাপুরকে দেখা যাবে। এমনকি সিনেমাটির প্রধান চরিত্রে তাকে নেওয়া হয়েছে বলেও বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়। তবে এবার সেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেতা নিজেই।
এক সাক্ষাৎকারে রণবীর বলেন, না, এখন আমি ‘রামায়ণ’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কাজ করছি।
‘লাভ অ্যান্ড ওয়ার’ পরিচালনা করছেন সঞ্জয় বানসালি।
রণবীর কাপুর জানান, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুতে। সিনেমাটিতে তার সঙ্গে থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।
জানা গেছে, বড় বাজেটের এই রোমান্টিক-ড্রামা সিনেমাটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে পারে।
সম্ভাব্য মুক্তির তারিখ হিসেবে ২৪ জানুয়ারির কথাও জানিয়েছেন রণবীর।
‘অ্যানিমেল পার্ক’ নিয়ে নীরব রণবীর
রণবীরের ২০২৩ সালের আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’-এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’ নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। তবে নিজের আসন্ন সিনেমার তালিকা নিয়ে কথা বলার সময় এই সিনেমাটি নিয়ে কোনো নতুন তথ্য দেননি তিনি।
‘রামায়ণ পার্ট ২’-এর কাজ শুরু
বর্তমানে রণবীর কাপুর ব্যস্ত রয়েছেন নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ সিনেমা নিয়ে। ছবিটির দ্বিতীয় পর্বের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে যশের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ‘রামায়ণ’-এর প্রচারণা সিনেমাটিকে আরো আলোচনায় নিয়ে এসেছে। ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর।
Publisher & Editor