বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, নিহত বেড়ে ১৪

প্রকাশিত: ০৭:৪৭, ৩০ জুলাই ২০২৬ | ১১

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় এখন পর্যন্ত শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
 
সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, হামলায় রাজধানী কিয়েভ, ক্রিভি রিহ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভসহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ হামলার একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার আশঙ্কার কথা জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার কিছু পর রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কিয়েভে একজন নিহত এবং আরো দুজন আহত হয়েছেন।

আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পোলতাভা অঞ্চলেও একজন নিহত হয়েছেন। এ ছাড়া জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে নিহত ছয়জনের মধ্যে পাঁচ ও ১২ বছর বয়সী দুই শিশুও রয়েছে।

শহরের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল বলেন, রাশিয়ার ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে আরো আটজন আহত হয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভিলকুল বলেন, এটি ছিল ‘এক অন্ধকার রাত’। তিনি জানান, রাশিয়ার ভোরোনেঝ অঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি একটি বড় পরিবারের বাড়িতে আঘাত হানে। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলমান থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে পোল্যান্ড সীমান্তসংলগ্ন লভিভে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

Mahfuzur Rahman

Publisher & Editor