মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঢাকায় থাকি

প্রকাশিত: ০৮:১৭, ২০ জুলাই ২০২৬ | ১৫

ছোটবেলা। ক্লাসে ফার্স্ট বয় ছিল ঢালী হাবিবুর

দ্বিতীয় স্থানে লড়াইটা হতো মালিহা, বিভুর

গুল গপ্পের সেরা ছিল সেই চাপা যদুলাল

সাগরেদ ওর দুই ফটাটিং—আফাজ ও দুলাল।


দূর গাঁও থেকে রোজ হেঁটে আসা রিনি, ত্বাহা, মিম

টিচারের মেয়ে, গানে পটু সেই বিনীতা হামিম

জুরি দোতারা ও তবলা বাজাত কাজী জামিলুর

অভিনয়ে নাম থাকতই আগে আজিজা মিলুর।
 

হা-ডু-ডু খেলায় নাম করেছিল অমিতাভ সুর

দড়ি লাফে নাম বরাবর ছিল অমিতা বসুর
 

ফেল করে করে ‘আদু’ নাম হয় লালজু ভায়ের

মারামারি হলে আগে ধেয়ে যেত আল জুবায়ের

ফুটবলে দুই সেরা নাম ছিল ফিদ্দা খাঁ, ননে

আরো কত সাথি, পড়েছি গাঁয়ের বিদ্যাকাননে।
 

অজপাড়াগাঁর তালপাখা, নড়ি, ঝাঁকা, বাঁশ, খড়ি

চেয়ে দেখি তার অনেকেই আজ ঢাকা বাস করি।

এই কটি নাম, খুঁজলে বুঝি বা আরো নাম বাড়ে

মিরপুরে থাকি—এক দুই দশ বারো ‘নাম্বারে’।

Mahfuzur Rahman

Publisher & Editor