বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পুলিশ পরিচয়ে বাংলাদেশিকে অপহরণ, মালয়েশিয়ায় ৩ নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত: ০৭:০৫, ০৯ জুলাই ২০২৬ |

মালয়েশিয়ায় পুলিশের ছদ্মবেশে এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ ও ডাকাতির অভিযোগে ৩ স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার (৬ জুলাই) পেরাক রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহদ আলউই জয়নাল আবিদিন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাজ্যের মানজুং জেলার পান্তাই রেমিস এলাকায় ৪৫ বছর বয়সি ওই বাংলাদেশি ডাকাতির শিকার হন।
 
পুলিশ জানায়, ঘটনার দিন পুলিশ পরিচয় দিয়ে দুই ব্যক্তি ওই প্রবাসীকে জোরপূর্বক একটি নিসান এক্স-টেইল এসইউভিতে তুলে হাতকড়া পরিয়ে দেয় এবং তার কাছে থাকা ৮ হাজার রিঙ্গিত ছিনিয়ে নেয়। পরবর্তীতে গাড়িটি পান্তাই রেমিস থানার দিকে না গিয়ে অন্য রাস্তায় রওনা দিলে ভুক্তভোগীর মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে চলন্ত গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরিয়ে দেন ওই প্রবাসী, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি লুমুতের সেগারি এলাকার ১২ নম্বর মাইলে রাস্তার পাশে ছিটকে পড়ে।
 
এরপর দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে নেমে ডাকাতরা একটি মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যায়। 
এই ঘটনার পর ভুক্তভোগী প্রবাসী রাতে থানায় অভিযোগ দায়ের করলে দ্রুত অভিযানে নামে মানজুং জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ পান্তাই রেমিস ও সেগারি থানা পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চাংকাট ক্রুইং এলাকা থেকে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, এটিএম কার্ড, নগদ টাকা, হাতকড়া ও একটি ‘সহকারী পুলিশ’ পরিচয়পত্র উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারদের মধ্যে দুজন ডাকাতিতে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে।

আদালত আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা অন্য কোনো এলাকায় একই ধরনের অপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Mahfuzur Rahman

Publisher & Editor