রবিবার, ০৫ জুলাই ২০২৬

অসুস্থ শবনম মুশতারীর পাশে সংস্কৃতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা

প্রকাশিত: ০২:৩০, ০৫ জুলাই ২০২৬ | ১১

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ধানমন্ডির বাসভবনে গেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (৪ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার পাশাপাশি ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য এই শিল্পী। তার অসুস্থতার খবর জানার পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর জরুরি চিকিৎসা ব্যয়ের জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

সাক্ষাৎকালে শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানম এবং শবনম মুশতারীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শবনম মুশতারী ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি জাতীয় নজরুল পুরস্কার লাভ করেন। তিনি কবি তালিম হোসেন এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।

Mahfuzur Rahman

Publisher & Editor