রবিবার, ০৫ জুলাই ২০২৬

‘এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চাপ’, বিজয়ের পর শিবা শানু

প্রকাশিত: ০২:৩০, ০৫ জুলাই ২০২৬ | ১১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী।

শুক্রবার (৩ জুলাই) ভোটগ্রহণ শেষে রাতভর গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
 
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হন জয় চৌধুরী। এ পদে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, ‘সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। আমার প্রতিশ্রুতি বাস্তবায়নের পর যদি কেউ একটি ফুল দেয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার হবে। যারা জয় পায়নি, তাদেরও অভিনন্দন। যারা আমাকে জয়ী করেছে, আমার প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল।

এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চাপ।’
প্রতিদ্বন্দ্বী আরমানকে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যিনি কখনো নির্বাচনে হারেননি, সেই ফাইট ডিরেক্টর আরমান সাহেবের বিপক্ষে আমি জয় পেয়েছি। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর জয় চৌধুরীও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের যাত্রাটা সহজ ছিল না, তবুও আমরা সার্থক।

প্রতিবার সমালোচনা হলেও এবার আলোচনা ছিল। এজন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ।’
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। সভাপতি আরমান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন প্যানেলের সঙ্গে শিবা শানু–জয় চৌধুরী পরিষদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। 

প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং নানা নির্বাচনী কার্যক্রমে সরগরম ছিল চলচ্চিত্রাঙ্গন। নতুন কমিটির কাছে এখন শিল্পীদের প্রত্যাশা—নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের মাধ্যমে শিল্পী সমিতিকে আরও কার্যকর ও সক্রিয় করে তোলা।

Mahfuzur Rahman

Publisher & Editor