রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইসরায়েলি মন্ত্রীর নিউ ইয়র্ক সফর বাতিল, মানবাধিকার সংস্থার সন্তোষ প্রকাশ

প্রকাশিত: ০২:২২, ০৫ জুলাই ২০২৬ | ১২

নিউ ইয়র্কে জাতিসংঘের পুলিশিং সম্মেলনে যোগ দেওয়ার নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। কট্টর ডানপন্থী এই মন্ত্রীর সফর বাতিলের খবরকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিন্দ রাজাব ফাউন্ডেশন’।

শুক্রবার (৩ জুলাই) ইসরায়েলি গণমাধ্যম বেন-গভিরের সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে। তার এই সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করছিলেন স্থানীয় ফিলিস্তিনি অধিকারকর্মীরা। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী যুদ্ধাপরাধের অভিযোগে এই ইসরায়েলি মন্ত্রীকে তদন্ত ও গ্রেপ্তার করার দাবি জানালে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।

বেন-গভিরের সফর বাতিল হওয়া নিয়ে ফিলিস্তিনি অধিকার রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা হিন্দ রাজাব ফাউন্ডেশন একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, ‘এতদিন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতারা ভাবতেন যে তারা যেকোনো অপরাধ করে পার পেয়ে যাবেন এবং এই দায়মুক্তির ভরসাতেই তারা বিশ্বজুড়ে ভ্রমণ করতেন। কিন্তু তাদের সেই প্রত্যাশা এখন শেষ হতে শুরু করেছে।’ জাতিসংঘের এই সম্মেলনে যোগ দিতে না পারা এবং আন্তর্জাতিক মহলে গ্রেপ্তারের দাবির মুখে সফর বাতিল করাকে ইসরায়েলি এই কট্টরপন্থী নেতার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Mahfuzur Rahman

Publisher & Editor