শনিবার, ০৪ জুলাই ২০২৬

‘আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই’

প্রকাশিত: ১২:৪০, ০৪ জুলাই ২০২৬ |

ব্রাজিলের বিশ্বকাপ দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই।’ তার এমন মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

আগামীকাল রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচের আগে দলটির কোন আনচেলত্তি বলেছেন, ‘আমি ফুটবল বুঝি কি না, সেটা জানি না। তবে ফুটবল বুঝি কি না, সেই বিচার করার যোগ্যতাও কারো নেই। কোচ হিসেবে এক হাজার চার শর বেশি ম্যাচ পরিচালনা করেছি। ফুটবল পুরোপুরি বোঝার জন্য হয়তো এটা যথেষ্ট নয়। তবে অভিজ্ঞতা যে খুব বেশি কম, তা-ও নয় ‘

তিনি আরও বলেন, ‘আমার চেয়ে একজন মানুষেরই বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে; তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি দুই হাজারের বেশি ম্যাচে কৌশল সাজিয়েছেন। সবার পরামর্শ আমি অবশ্যই মাথা পেতে নিই। তবে আমাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি শুধুই অ্যালেক্স ফার্গুসন।’

আরলিং হালান্ডের মতো ফুটবলার থাকায় নরওয়ের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না, সেটাই স্মরণ করিয়ে দিলেন আনচেলত্তি, ‘বিশ্বকাপের বাকি পথটুকু কঠিন হবে। নকআউট পর্বে কৌশল বা টেকনিকের চেয়ে বড় হয়ে ওঠে মানসিক দৃঢ়তা। নরওয়ে দারুণ একটি দল। ওদের হালান্ডের মতো ফুটবলার আছে। সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমাদের জন্য কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী যে একটা দারুণ ম্যাচ উপহার দেব।’

Mahfuzur Rahman

Publisher & Editor