বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক

প্রকাশিত: ০২:২৭, ২৫ জুন ২০২৬ |

নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। গত ১৮ জুন উডসাইডের গুলশান টেরেসে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন সিরাজ সোনিয়া এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ। অনুষ্ঠানে ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটির শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মির্জা মনিরুজ্জামান শামীম। পরে নতুন কমিটির সভাপতি হিসেবে কাজী এম আর খান সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ রানা তপন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এটর্নি মঈন চৌধুরী, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দিন পিন্টু , সন্দীপ সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি জে এফএম রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মুন্সিগঞ্জ জেলার ৬টি থানার কোনো প্রবাসী সদস্য মারা গেলে কাফনসহ দাফনের সম্পূর্ণ ব্যয় বহনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিউইয়র্কে নিজস্ব অর্থায়নে ‘বিক্রমপুর ভবন’ নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের ঐক্য ও সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ও বিক্রমপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজ এলাকার স্মৃতি ও আবেগকে নতুন করে অনুভব করেন। বক্তারা বলেন, এটি শুধু একটি সাংগঠনিক অভিষেক নয়, বরং প্রবাসে মাতৃভূমির সঙ্গে আবেগের এক গভীর বন্ধন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor