বুধবার, ২৪ জুন ২০২৬

লেবাননের বহু পরিবারের ফেরার মতো কোনো ঘরই নেই

প্রকাশিত: ০২:৪৮, ২৪ জুন ২০২৬ | ১০

ইসরাইলের আগ্রাসনে ধংসস্তুপে পরিণত হয়েছে দক্ষিণ লেবাননে বড় একটি অংশ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের কারণে প্রায় ১১ হাজারের বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, আরও প্রায় ২ হাজার ২০০ ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রায় সবার ফেরার মতো কোনো ঘর অবশিষ্ট নেই।

দুজারিক বলেন, অনেক পরিবারের জন্য এর অর্থ হলো, তাদের ফিরে যাওয়ার মতো কোনো ঘরই আর অবশিষ্ট নেই। চলমান অনিশ্চয়তা, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকি নিরাপদ ও টেকসইভাবে ঘরে ফেরার পথে বড় বাধা হয়ে রয়েছে।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও দক্ষিণ লেবাননে অনেক মানুষ ফিরে যেতে শুরু করেছেন। জাতিসংঘ জানিয়েছে, এক রাতেই প্রায় ১৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। এর ফলে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সংখ্যা কমে প্রায় ৯০ হাজারে নেমে এসেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। ওয়াশিংটনে নতুন দফার সরাসরি আলোচনাও শুরু হয়েছে।

দক্ষিণ লেবাননে সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমলেও মাঝে মাঝে গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটছে। সোমবারও ইসরাইলি বাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইল এখনো দক্ষিণ লেবাননের কিছু এলাকায় সেনা উপস্থিতি বজায় রেখেছে। দখলদার দেশটি বলছে, নিরাপত্তা হুমকি থাকলে তারা আবারও অভিযান চালাবে।

Mahfuzur Rahman

Publisher & Editor