মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল টেসলা গাড়ি, এক নারীর মৃত্যু

প্রকাশিত: ০৩:১৪, ২৩ জুন ২০২৬ |

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি দ্রুতগতির টেসলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাড়িতে ঢুকে পড়ার পর এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটির ‘অটোমেটিক ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স’ বা স্বয়ংক্রিয় চালনা ব্যবস্থা চালু ছিল বলে দাবি করেছেন চালক।

এই মারাত্মক ঘটনার পর যুক্তরাষ্ট্রের গাড়ি নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ (এনএইচটিএসএ) সোমবার (২২ জুন) ঘটনাটির ওপর বিশেষ তদন্ত শুরু করেছে। শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে টেক্সাসের হ্যারিস কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি টেসলা মডেল-৩ গাড়ি চৌরাস্তায় মোড় নিতে ব্যর্থ হয়ে অত্যন্ত দ্রুতগতিতে রাস্তা থেকে ছিটকে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনার সময় ওই বাড়িতে ৭৬ বছর বয়সী এক নারী তার মেয়ে, জামাতা ও তিন নাতি-নাতনির সাথে ছিলেন।

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ওই বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে বাড়ির অন্য সদস্যরা অক্ষত আছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক নেশাগ্রস্ত ছিলেন না এবং তিনি তদন্তে সহযোগিতা করছেন। চালকের দাবি অনুযায়ী, গাড়িটি তখন নিজস্ব স্বয়ংক্রিয় সিস্টেমে চলছিল।

মার্কিন সংস্থা (এনএইচটিএসএ) জানিয়েছে, তাদের তদন্ত বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। ইলন মাস্কের মালিকানাধীন টেসলা কোম্পানি সাধারণত তাদের এই প্রযুক্তিকে ‘ফুল সেলফ-ড্রাইভিং’ বলে প্রচার করে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। টেসলার এই স্বয়ংক্রিয় প্রযুক্তির নিরাপত্তা নিয়ে মার্কিন রাজনীতিতেও সমালোচনা ঝড় উঠেছে। সম্প্রতি ডেমোক্র্যাটিক পার্টির দুই সিনেটর এডওয়ার্ড মার্কেই এবং রিচার্ড ব্লুমেনথাল নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়ে টেসলার এই প্রযুক্তির ঝুঁকি তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, মানুষের চেয়ে টেসলার গাড়ি নিরাপদ—কম্পানির এমন দাবি বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।

এই বিশেষ তদন্তের ওপর ভিত্তি করে আগামীতে টেসলা গাড়ি বাজার থেকে প্রত্যাহার বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor