মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নির্বাচনে না লড়েও এফডিসিতে হাজির হয়ে চমকে দিলেন বাপ্পারাজ

প্রকাশিত: ০৩:৫৮, ২৩ জুন ২০২৬ |

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন, কিন্তু হঠাৎ করেই আবার সরে দাঁড়ান চিত্রনায়ক বাপ্পারাজ। এরপর নির্বাচনী আবহে হঠাৎ এফডিসিতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন তিনি।

দীর্ঘদিন পর তাঁর এমন উপস্থিতি ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এফডিসিতে আসেন বাপ্পারাজ। তবে নিজের মনোনয়ন জমা দিতে নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাশে দাঁড়াতেই তাঁর এই আগমন।

এর আগে গত মে মাসে বাপ্পারাজ ঘোষণা দিয়েছিলেন, তিনি শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 
এরপর প্রায় ১৯ দিন জনসমক্ষে এ বিষয়ে নীরব থাকার পর আবারও এফডিসিতে তাঁর উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপ্পারাজ বলেন, ‘আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি।

মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে সব সময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সব সময় শুভকামনা।’ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে এর আগে তিনি বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি।

নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।’
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাপ্পারাজকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শুরুতে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি তাঁর প্রার্থিতা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। তবে বাপ্পারাজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ভোটের সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এফডিসিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। এবারের নির্বাচনে মূল লড়াই হবে দুটি প্যানেলের মধ্যে। 

একদিকে রয়েছেন আরমান-মুক্তি প্যানেল, অন্যদিকে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল।

Mahfuzur Rahman

Publisher & Editor