দীর্ঘদিন পর বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল, প্রভাবশালী ও সর্বকালের সেরা মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক স্টিভেন স্পিলবার্গ ফিরলেন তার সেই পুরোনো পরিচিত ময়দানে। যেখানে রহস্য, প্রযুক্তি ও বিস্ময় আর অজানার আকর্ষণ একসঙ্গে কাজ করে। আর ফিরেই নিজের জাদু দেখালেন নন্দিত এ নির্মাতা। তার নতুন বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘ডিসক্লোজার ডে’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। গড়েছে স্পিলবার্গের ক্যারিয়ারের নতুন রেকর্ড।
যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহান্তে ছবিটি আয় করেছে চার কোটি ৪০ লাখ ডলার। এ আয় স্পিলবার্গ পরিচালিত কোনো মৌলিক গল্পভিত্তিক সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ উদ্বোধনী আয়। যদিও স্পিলবার্গের সর্বোচ্চ উদ্বোধনী আয় এখনো ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’–এর দখলে, যা মুক্তির প্রথম সপ্তাহে ১০ কোটি ডলার আয় করেছিল।
‘ডিসক্লোজার ডে’ সিনেমা মূলত ভিনগ্রহবাসীর অস্তিত্ব বিশ্ববাসীর সামনে প্রকাশ করার এক রোমাঞ্চকর অভিযানের গল্প। এ সিনেমায় অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনস, কোলম্যান ডমিঙ্গো, কলিন ফার্থ প্রমুখ।
ভিনগ্রহবাসী ও অজানা জগতের প্রতি স্পিলবার্গের আগ্রহ নতুন নয়; এর আগে তিনি নির্মাণ করেন ‘ই টি দি এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’ ও ‘ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড’-এর মতো সিনেমা। সেই পুরোনো জগতে ফিরে গিয়ে তিনি যেন আবারও দর্শকদের মুগ্ধ করতে পেরেছেন।
এর আগে স্টিভেন স্পিলবার্গের দুই সিনেমা— ‘দ্য ফ্যাবলম্যানস’ ও ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। যুক্তরাষ্ট্রে সিনেমা দুটি চার কোটি ডলারের কম আয় করেছিল। সেই তুলনায় 'ডিসক্লোজার ডে' মুক্তির প্রথম সপ্তাহেই সেই অঙ্ক ছাড়িয়ে গেছে। ফলে এটিকে স্পিলবার্গের বাণিজ্যিক প্রত্যাবর্তন বলছেন বিশ্লেষকরা।
‘দ্য বিএফজি’ সিনেমার পর এটিই প্রথম স্টিভেন স্পিলবার্গের গ্রীষ্মকালীন বড় মুক্তি। এ সিনেমার প্রচারের সময় তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, ‘ডিসক্লোজার ডে’কে পুরোপুরি বিজ্ঞান কল্পকাহিনি হিসেবে তিনি দেখেন না। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে প্রযুক্তির উন্নতির কারণে মানুষ আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান প্রমাণ সংগ্রহ করতে পারছে। সে কারণেই মহাবিশ্বে মানুষ একা নয়; এই বিশ্বাস তার কাছে এখন আরও শক্তিশালী মনে হয়।
স্টিভেন স্পিলবার্গ বলেন, আমাদের হাতে থাকা প্রযুক্তি এমন অনেক কিছু দেখিয়েছে, যা আগে কল্পনার বিষয় ছিল। আমার কাছে এখন এটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে আমরা মহাবিশ্বে একা নই।
এর মধ্যেই ‘ডিসক্লোজার ডে’ সিনেমার সাফল্যের পর এ নির্মাতার পরবর্তী প্রকল্প নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বহুদিনের স্বপ্নের একটি ওয়েস্টার্ন সিনেমা নিয়ে কাজ করছেন তিনি।
উল্লেখ্য, স্টিভেন স্পিলবার্গ হলিউড সিনেমা যুগের অন্যতম প্রধান রূপকার এবং 'ব্লকবাস্টার' চলচ্চিত্রের পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়। তার দীর্ঘ কর্মজীবনে তিনি তিনটি একাডেমি পুরস্কার (অস্কার) লাভ করেছেন।
Publisher & Editor