বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

‘৩৭০ টাকার বিরিয়ানি’ মন্তব্যে বিতর্ক, ক্ষোভ প্রকাশ করলেন কুশা কপিলা

প্রকাশিত: ০২:৩৩, ১১ জুন ২০২৬ |

ভারতীয় ইউটিউবার হিমাংশু জাংরার একটি কনটেন্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নারীদের ডেটিং সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে ‘৩৭০ টাকার বিরিয়ানি’ প্রসঙ্গ টেনে করা তার মন্তব্যকে আপত্তিকর ও নারীবিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন অনেকেই।

বিতর্কিত ওই কনটেন্টে হিমাংশু জাংরা দাবি করেন, অনেক নারী নাকি শুধু ‘৩৭০ টাকার এক প্লেট বিরিয়ানি’র বিনিময়ে পুরুষদের সঙ্গে ডেটে যান বা নিজেদের আত্মসম্মান বিকিয়ে দেন। তার এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেনের মতে, এ ধরনের বক্তব্য নারীদের প্রতি অসম্মানজনক এবং তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়ায়।

বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কুশা কপিলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেন এবং নারীদের বিরুদ্ধে অপমানজনক কনটেন্টের প্রতিবাদ জানানোর আহ্বান জানান। কুশা বলেন, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নারীদের হেয় করে কনটেন্ট তৈরি করা উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে। তিনি মনে করেন, এ ধরনের মন্তব্য শুধু আপত্তিকরই নয়, বরং সমাজে নারীদের প্রতি বিদ্যমান নেতিবাচক মানসিকতাকেও উসকে দেয়।

তার এই অবস্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনেক ব্যবহারকারী কুশার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, বিনোদন বা কমেডির নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করা গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে বিতর্কিত মন্তব্যের বিষয়ে হিমাংশু জাংরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Mahfuzur Rahman

Publisher & Editor