বুধবার, ২৭ মে ২০২৬

বিটিএসের জয়জয়কার, খালি হাতে ফিরলেন সুইফট

প্রকাশিত: ০৩:৪০, ২৭ মে ২০২৬ | ১১

বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের ৫২তম আসরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএস। দীর্ঘদিন সামরিক দায়িত্ব পালনের কারণে দলীয় কার্যক্রমে বিরতি থাকলেও ভক্তদের ভালোবাসায় কোনো ভাটা পড়েনি।

সেই ভালোবাসার প্রভাবেই এবারও চমক দেখিয়েছে দলটি। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয়বারের মতো ‘বছরের সেরা শিল্পী’ পুরস্কার জিতেছে বিটিএস। এর আগে ২০২১ সালেও তারা এই সম্মান অর্জন করেছিল। শুধু তাই নয়, ‘গ্রীষ্মের সেরা গান’ এবং ‘সেরা পুরুষ কে-পপ শিল্পী’ বিভাগেও পুরস্কার জিতে মোট তিনটি ট্রফি নিজেদের করে নিয়েছে তারা।

এদিকে নতুন সংগীতদল ক্যাটসআইও এবারের আসরে নজর কাড়ে। ‘বছরের সেরা নবাগত শিল্পী’ পুরস্কার জয়ের পাশাপাশি সেরা সংগীতচিত্র এবং দ্রুত জনপ্রিয়তা পাওয়া পপ শিল্পীর বিভাগেও তারা পুরস্কার পেয়েছে।

অন্যদিকে গায়ক সোম্বর তার পরিবেশনা দিয়ে দর্শকদের মন জয় করেন। তার ‘ব্যাক টু ফ্রেন্ডস’ গানটি সেরা রক ও বিকল্প ধারার গানের পুরস্কার জিতেছে।

এ ছাড়া ‘আই বেয়ারলি নো হার’ অ্যালবামের জন্যও তিনি পুরস্কার পেয়েছেন। সব মিলিয়ে তিনটি ট্রফি পেয়েছেন এই শিল্পী।
এ ছাড়া ‘কে-পপ ডেমন হান্টার্স’ ছবির ‘গোল্ডেন’ গানের জন্য ইজেএ, অড্রে নুনা এবং রেই আইএম যৌথভাবে বছরের সেরা গানের পুরস্কার জিতেছেন।

তবে এবারের আয়োজনের একটি বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধু অনুষ্ঠানে উপস্থিত তারকাদের পুরস্কারই মূল মঞ্চে ঘোষণা করা হয়েছে।

ফলে ‘বছরের সেরা অ্যালবাম’ বিভাগের ঘোষণা সরাসরি সম্প্রচারে দেখানো হয়নি। পরে জানা যায়, এই পুরস্কার পেয়েছেন সাবরিনা কার্পেন্টার।
এবারের আসরে সবচেয়ে বড় চমক ছিল টেইলর সুইফটের খালি হাতে ফেরা। সর্বোচ্চ আটটি মনোনয়ন পেয়েও কোনো পুরস্কার জিততে পারেননি তিনি। তবে এখনো ৪০টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতে ইতিহাসের সর্বোচ্চ পুরস্কারজয়ী শিল্পী হিসেবে তার রেকর্ড অটুট রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor