শনিবার, ১৬ মে ২০২৬

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দলে এক দ্বৈত নাগরিক

প্রকাশিত: ১১:১৭, ১৬ মে ২০২৬ |

জন্ম জার্মানিতে, তার বাবা জার্মান, খেলছেন জার্মান ক্লাবে, বয়সভিত্তিক ফুটবলেও খেলেছেন জার্মানির হয়ে। কিন্তু জার্মানি জাতীয় দলে কখনোই ডাক পড়েনি।
 
জার্মানি জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ না হওয়ায় শেষমেশ মায়ের দেশ দক্ষিণ কোরিয়াকে বেছে নেন। গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ।

এবার আরো বড় স্বপ্ন পূরণ হতে চলেছে জেন্স ক্যাস্ট্রপের। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

এর মধ্য দিয়ে ইতিহাসও গড়ে ফেলেছেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের এই ফুটবলার। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া প্রথম দ্বৈত নাগরিকত্বধারী ফুটবলার এখন ক্যাস্ট্রপ। প্রত্যাশিতভাবে এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে নেতৃত্ব দেবেন সন হিউং-মিন। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার।

সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় (৫৪)। 
চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা সন ছাড়া দলে স্ট্রাইকার হিসেবে ওহ হিউন-গিউ এবং চো গুয়ে-সাংকে রাখা হয়েছে। এতে আক্রমণে সনের ওপর কোরিয়ানদের অতিমাত্রায় নির্ভরতা আরো স্পষ্ট হয়েছে।

ক্যাস্ট্রপ ছাড়া স্কোয়াডে আর কোনো চমক নেই বললেই চলে। পিএসজি মিডফিল্ডার কাং লি ইন ও বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার কিম মিন-জায়ে প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন।

এ ছাড়া মূল একাদশে গোলপোস্টের নিচে দাঁড়ানোর লড়াইয়ে জো হিউন-উ এবং কিম সেউং-গিউয়ের মধ্যে লড়াই হবে।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : কিম সেউং-গিউ, সং বাম-কুন, জো হিউন-উ। 

রক্ষণভাগ : কিম মুন-হোয়ান, কিম মিন-জায়ে, কিম তে-হিয়ন, পার্ক জিন-সিওপ, সিওল ইয়ং-উ, জেনস ক্যাস্ট্রপ, লি কি-হিয়োক, লি তে-সেওক, লি হান-বিওম, চো ইউ-মিন। 

মাঝমাঠ : কিম জিন-গিউ, বে জুন-হো, পাইক সেউং-হো, ইয়াং হিউন-জুন, ইওম জি-সাং, কাং লি ইন, লি ডং-গিয়ং, লি জে-সাং, হাওয়াং ইন-বিওম, হাওয়াং হি-চ্যান। 

আক্রমণভাগ : সন হিউং-মিন (অধিনায়ক), ওহ হিউন-গিউ, চো গুয়ে-সাং।

Mahfuzur Rahman

Publisher & Editor