বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান। যেখানে চোটের কারণে খেলতে পারেননি দলটির সাবেক অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগেরদিন তিনি হাঁটুতে চোট পান। সিলেটে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় আছেন বাবর। সিরিজ বাঁচানোর ম্যাচটিতে তার ফেরায় খুশি পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদও।
সংবাদ সম্মেলনে আজ (শুক্রবার) পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এটি আমাদের জন্য অনেক ইতিবাচক। যদি বাবর আজমের কথা বলেন, গত পিএসএলে সে যেভাবে খেলেছে তাতে তাকে কৌশলগতভাবে শক্তিশালী এবং মানসিকভাবে সতেজ মনে হচ্ছে। তাকে দলে পেয়ে আমরা খুশি।’
হার দিয়ে বাংলাদেশ সফর শুরুর পর শান মাসুদের দলকে সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে। এ নিয়ে সরফরাজ বললেন, ‘এটি আমাদের জন্য নতুন কিছু নয়। নিশ্চিতভাবেই আমরা সবাই জানি যদি আমরা ভালো ক্রিকেট না খেলি তবে সমালোচনা হবেই। তাই আমরা সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হলো পরবর্তী ম্যাচ খেলা এবং আশা করি আমার অধিনায়ক ও পুরো দল পরবর্তী ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলবে ইনশাআল্লাহ।’
পাকিস্তানের স্কোয়াডে আরেক অভিজ্ঞ তারকা মোহাম্মদ রিজওয়ান মিরপুরে প্রথম টেস্টে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। সরফরাজ অবশ্য তার ফর্মে ফেরা নিয়ে আশাবাদী, ‘রিজওয়ান একজন অসাধারণ উইকেটকিপার। অনেক সময় পর যখন আপনি কোনো সংস্করণে খেলেন তখন এমনটা হতে পারে। তবে আমার বিশ্বাস সে ব্যাটিং ও কিপিং দিয়ে পাকিস্তানের জন্য ভালো করবে।’
Publisher & Editor