চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৩১ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
‘দ্য উইজার্ড অব ড্রিবল’ বলা হতো স্যার স্ট্যানলি ম্যাথিউসকে। ইংল্যান্ডের এই কিংবদন্তি ফুটবলার দুই পা দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের যেভাবে বোকা বানাতেন, সেটা মুগ্ধতা ছড়াতো ফুটবল মাঠে। মাধুরী মেশানো ড্রিবলিংয়ে গারিঞ্চা, ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহোরা কাবু করতেন প্রতিপক্ষকে। তাদের সঙ্গে স্পেনের রাইট ব্যাক সার্জিও রামোসও স্মরণীয় হয়ে থাকবেন ড্রিবলিংয়ে জাদু দেখিয়ে।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে রামোস ৩১টি সফল ড্রিবল করেছিলেন, অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। তার পরে ছিলেন লুকাস পোডলস্কি (২৭), আন্দ্রেস ইনিয়েস্তা (২৬), মেসি, ডেভিড ভিলা (দুজনেই ২৫) ও আরিয়েন রোবেন (২৪)।
পরের তিন আসর মানে ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে সবচেয়ে বেশি ড্রিবল করেন যথাক্রমে মেসি, ইডেন হ্যাজার্ড ও কিলিয়ান এমবাপে।
২০১০ সালে রামোস রক্ষণভাগেও অসামান্য অবদান রাখেন। ওইবার স্পেন কেবল দুটি গোল হজম করেছিল। চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো দলের সবচেয়ে কম গোল খাওয়ার যৌথ রেকর্ড এটি, ১৯৯৮ সালে ফ্রান্স ও ২০০৬ সালে ইতালিও দুইবারের বেশি জালে বল ঢুকতে দেননি।
Publisher & Editor