সোমবার, ১১ মে ২০২৬

এইচপির স্পিন বোলিং কোচ হলেন রাজ্জাক

প্রকাশিত: ০২:৪৩, ১১ মে ২০২৬ |

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদে ছিলেন আব্দুর রাজ্জাক। গেল মাসে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার কারণে পরিচালক পদে নেই রাজ্জাকও। তবে এবার নতুন ভূমিকায় আসতে যাচ্ছেন তিনি। 

বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হলেন রাজ্জাক। ঢাকা পোস্টকে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়েই নিজের কাজ শুরু করবেন রাজ্জাক। ১ বছরের চুক্তিতে বেশ ভালো অঙ্কের মাসিক বেতনেই কাজ করবেন সাবেক এই ক্রিকেটার। 

গেল বছর রাজ্জাক লেভেল থ্রি কোর্স সম্পন্ন করেছিলেন। এর আগে ২০২১ সালে সব ধরনের খেলা থেকে অবসর গ্রহণ করেন তিনি। এরপর যোগ দেন বিসিবির নির্বাচক প্যানেলে। সেখানে ৪ বছরের বেশি সময় ধরে কাজ করেন সুনামের সঙ্গেই। পরে সেই দায়িত্ব ছেড়ে যোগ দিয়েছিলেন পরিচালনা পর্ষদে। এবার আসছেন তরুণ ক্রিকেটারদের শেখাতে।

বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের ওপরই এইচপির পরের মৌসুমের জন্য ভরসা রাখতে চায় বিসিবি। পাশাপাশি এইচপি ইউনিটের কোচ হিসেবে থাকছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়েররা। 

আগামী ১ জুন শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চার দিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

হোম সিরিজের পর জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে। এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ এইচপি। এবারও সেখানে টপ এন্ড টি-টোয়েন্টির পরে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর কথা রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor