বুধবার, ০৬ মে ২০২৬

‘বইবিহীন’ বইয়ের দোকান

প্রকাশিত: ০৭:২০, ০৫ মে ২০২৬ | ১১

বইয়ের দোকানের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে তাকভর্তি বই, পাতার গন্ধ আর নীরব পাঠকের ছবি। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমন একটি বইয়ের দোকান খুলেছে, যেখানে কাগজে ছাপা কোনো বই নেই। পৃষ্ঠা বা মলাটের হিসাব নেই। আছে এক ভিন্ন ধাঁচের বইয়ের জগৎ।

অডিওবুক প্ল্যাটফর্ম অডিবল গত শুক্রবার ম্যানহাটানের লোয়ার ইস্ট সাইডে অডিও বুকের এই পপআপ স্টোর খুলেছে। এর নাম দেওয়া হয়েছে অডিবল স্টোরি হাউস। ই–কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান অডিবল বলছে, এটি নিউইয়র্কের প্রথম ‘বইবিহীন বইয়ের দোকান’।

দোকানটিতে ঢুকলে চোখে পড়বে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ। বরং দোকানের তাকজুড়ে সাজানো আছে ‘স্টোরি টাইল’ নামের অডিওবুক ট্যাবলেট। এ স্টোরি টাইলগুলোকে প্লেয়ারে ঢোকালেই হেডফোনে শোনা যায় গল্প। অর্থাৎ এখানে বই পড়া নয়, আসলে বইয়ের লেখাগুলো শোনা যাবে!

প্রতিটি স্টোরি টাইল থেকে শোনা যায় কোনো বইয়ের অংশবিশেষ। ওই অংশবিশেষ শুনে পছন্দ হলে গ্রাহক পুরো বইটি অডিবলের অ্যাপে পাবেন।

দোকানের ভেতরে একটি বিশেষ কক্ষও আছে। সেখানে হেডফোন ছাড়াই স্পিকার বাজিয়ে গল্প শোনার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া আছে ‘লিসেনিং বার’। সেখানে ‘স্টোরি টেন্ডার’–এর সাহায্যে পছন্দ ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত অডিওবুক খুঁজে নেওয়া যায়।

অডিবলের প্রধান নির্বাহী কর্মকর্তা বব ক্যারিগান বলেন, ‘এটি এমন একটি জায়গা, যা পুরোপুরি অডিও গল্প বলাকে জীবন্ত করে তোলার জন্য তৈরি করা হয়েছে।’

বব বলেছেন, এই পপআপ স্টোরটি এক মাসের জন্য চালু করা হয়েছে। এর উদ্দেশ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ ঘুরে ঘুরে অডিওবুক দেখতে পারবে এবং অন্যদের সঙ্গে যুক্ত হতে পারবে।

অডিওবুক বাজারে আধিপত্য বিস্তার করা প্ল্যাটফর্ম অডিবল সাবস্ক্রিপশনভিত্তিক সেবা দিয়ে থাকে। আলাদা করে বই কেনার সুযোগ এবং অ্যামাজন অ্যাকাউন্টধারীদের জন্য কিছু অডিও বুক বিনা মূল্যে শোনার সুবিধাও দেয় তারা।

অডিও পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে ২২২ কোটি ডলার মূল্যের অডিওবুক বিক্রি হয়েছে, যা গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ।

Mahfuzur Rahman

Publisher & Editor