শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির জন্য ট্রাম্পই পাকিস্তানকে চাপ দেন

প্রকাশিত: ০৭:৩৫, ১০ এপ্রিল ২০২৬ | ১৪

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। আর এ কারণেই ওয়াশিংটন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেয় এবং দেশটিকে ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করাতে চাপ দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী ছিল না, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে। এমন সময় এই উদ্যোগ নেওয়া হয়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি বাড়াচ্ছিলেন এবং দাবি করছিলেন, তেহরান নাকি ‘যুদ্ধবিরতির জন্য প্রার্থনা করছে’।  কিন্তু পর্দার আড়ালের হোয়াইট হাউসই একটি সাময়িক যুদ্ধবিরতির জন্য উঠেপড়ে লেগেছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানের ওপর চাপ দিচ্ছিল, যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালি খুলে দেয়। পাকিস্তান একটি মুসলিম দেশ এবং প্রতিবেশী হওয়ার কারণে ওয়াশিংটন মনে করেছিল, তাদের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান সেটা সহজে মেনে নেবে। 

এফটির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই গোপন তৎপরতা চালান। ফলে গত মঙ্গলবার রাতে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। আসলে জ্বালানি তেলের দাম হু-হু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প বেশ দুশ্চিন্তায় ছিলেন। এ ছাড়া ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা-ও তাঁকে অবাক করে দিয়েছিল। পাকিস্তানের মধ্যস্থতাকারী সংশ্লিষ্ট পাঁচটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত ২১ মার্চ থেকেই ট্রাম্প মনে মনে যুদ্ধবিরতির জন্য মরিয়া ছিলেন।

মঙ্গলবার যখন ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হতে যাচ্ছিল, তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বারবার ফোনে কথা বলেন। এরপর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে দুই সপ্তাহের প্রস্তাবটি চূড়ান্ত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দেন। সেখানে তিনি দাবি করেন, এটি পাকিস্তানের নিজস্ব উদ্যোগ। কিন্তু তাঁর পোস্টে ভুল করে ‘খসড়া’ কথাটি থেকে গিয়েছিল। এটি প্রমাণ করে, বিবৃতিটি আসলে হোয়াইট হাউস আগে থেকেই লিখে দিয়েছিল।

Mahfuzur Rahman

Publisher & Editor