বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াইয়ে বৈভব সূর্যবংশী ও জাসপ্রিত বুমরাহ প্রত্যাশা অনুযায়ীই দারুণ উত্তেজনা ছড়িয়েছে। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স-এর ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়ায় ১১ ওভারে সীমাবদ্ধ করা হয়।
ম্যাচের শুরুতেই তরুণ বাঁহাতি ব্যাটার সূর্যবংশী দারুণ আগ্রাসী ভঙ্গিতে খেলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নেওয়া দুইবারের বিশ্বকাপজয়ী পেসার বুমরাহর করা প্রথম বলটিকেই তিনি লং-অন দিয়ে ছক্কা হাঁকান।
সেই শট দেখে বুমরাহর মুখেও হাসি ফুটে ওঠে। এরপর ওপেনিং সঙ্গী যশস্বী জয়সওয়ালের সঙ্গে কয়েকটি সিঙ্গেল নেওয়ার পর বুমরাহর একটি স্লোয়ার বল বুঝে নিয়ে মিডউইকেট দিয়ে আরেকটি বিশাল ছক্কা মারেন সূর্যবংশী। বুমরাহর ওই ওভার থেকে আসে ১৪ রান।
এই জুটি মাত্র ২.৪ ওভারে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলে, যেখানে মুম্বাইয়ের সব বোলারই চাপে পড়েন। তবে শেষ পর্যন্ত ১৪ বলে ৩৯ রান করে আউট হন সূর্যবংশী। যেখানে ছিল ৫টি ছক্কা ও ১ চারের মার। তবে শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের বলে ডিপে ক্যাচ দিয়ে তাকে বিদায় নিতে হয়। আউট হওযার আগে ওই ওভারেও ২টি ছক্কা ও ১ টি চারের মার ছিল সূর্যবংশীর।
প্রধমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে রাজস্থান। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে আটকে গেলে ২৭ রানে ম্যাচটি জিতে নেয় রাজস্থান রয়্যালস।
Publisher & Editor