মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

মাদ্রিদে কেইনকে নিয়ে খেলার আশা বায়ার্নের

প্রকাশিত: ০৩:৪৭, ০৭ এপ্রিল ২০২৬ |

গত সপ্তাহে ইংল্যান্ডের সঙ্গে ট্রেনিংয়ের সময় গোড়ালিতে চোট পান হ্যারি কেইন। ইনজুরি ততটা গুরুতর না হলেও জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে খেলতে পারেননি। বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের বিপক্ষে শনিবারের ম্যাচেও ছিলেন না। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন কি?

স্প্যানিশ রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক দলের মুখোমুখি হবে বায়ার্ন। শহরটিতে পা রাখার আগে মিউনিখে ট্রেনিং করেছেন কেইন। তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী বায়ার্ন কোচ ভিনসেন্ত কোম্পানি। তিনি বলেছেন, ‘সে আজ অনেক অনুশীলন করেছে, এটা গুরুত্বপূরর্ণ। আমি মনে করি না সে তার ছন্দ হারিয়েছে। আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত আমরা অপেক্ষা করে সিদ্ধান্ত নেবো। আমাদের একটি দারুণ স্কোয়াড আছে এবং দুই লেগের জন্য প্রস্তুত।’

ম্যাচের আগে প্রতিপক্ষ দলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র কেইনের প্রশংসা করলেন, ‘সে গোল করতে পারে। দারুণ একজন খেলোয়াড়। কিন্তু বায়ার্ন সেরা দল এবং তাদের অনেক খেলোয়াড় আছে যারা পজিশন বদলে দিতে পারে এবং আমাদের জন্য কঠিন করে তুলতে পারে। যেই খেলুক না কেন, এটা কঠিন হতে যাচ্ছে।’

শেষ ষোলোতে বায়ার্ন বিদায় করেছে আতালান্তাকে। মাদ্রিদ পেরিয়েছে ম্যানসিটি বাধা। কোম্পানি এই ম্যাচ নিয়ে বললেন, ‘আমরা রিয়ালের জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা দেখেছি তারা ম্যানসিটির বিপক্ষে কী করেছিল। এটা সম্ভবত খুব কঠিন অ্যাওয়ে ম্যাচ, কিন্তু আমরা জিততে চাই।’

ম্যানসিটি ও বায়ার্ন ১৪ মৌসুমে ষষ্ঠবার নকআউটে মুখোমুখি হচ্ছে। ২০১১-১২ মৌসুম থেকে বায়ার্ন দুই লেগের ম্যাচে চারটি জিতেছে, একবার কোয়ার্টার ফাইনালে এবং তিনবার সেমিফাইনালে, সবশেষ ২০২৪ সালে। ২০১২ সালে পেনাল্টি শুটআউটে সেমিফাইনালে জিতেছিল তারা।

মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেছেন, ‘বায়ার্ন অবিশ্বাস্য দল। তাদেরকে আমরা অনেক সমীহ করি। তাদের ব্যতিক্রম মৌসুম গেছে। এই মৌসুমে ইউরোপে সবচেয়ে ধারাবাহিক দল বায়ার্ন। তারা নির্ভীক, আগ্রাসী, রক্ষণেও খুব মনোযোগী, যাদের আছে হ্যারি কেইনের মতো অবিশ্বাস্য স্ট্রাইকার।’

সব প্রতিযোগিতা মিলে বায়ার্ন তাদের শেষ ১৩ ম্যাচ অজেয়, জিতেছে ১১টি। আর মাদ্রিদ এই ম্যাচের আগে শেষ ম্যাচেই হেরেছে মায়োর্কার কাছে।

Mahfuzur Rahman

Publisher & Editor