মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ফ্রান্সে গণমারামারির ম্যাচে ২৪ লাল কার্ড

প্রকাশিত: ০৩:৪৪, ০৭ এপ্রিল ২০২৬ |

ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন দৃশ্য। মরবিহানে একটি আঞ্চলিক ডার্বি রূপ নিলো চরম বিশৃঙ্খলায়। তারপর গণমারামারি, পুলিশের হস্তক্ষেপ। একবারেই ২৪ লাল কার্ড। স্থানীয় ফুটবলের ইতিহাসে এই ঘটনাকে ‘কলঙ্ক’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আভেনির দে গুইলে ও ইন্দেপেন্দান্ত দে মোরোনের মধ্যকার আঞ্চলিক দ্বিতীয় সারির লিগ ম্যাচে সবকিছু স্বাভাবিক ছিল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। কিন্তু শেষ বাঁশি বাজতেই বিশৃঙ্খলার নতুন অধ্যায় শুরু হয়। প্রথমে দুই দলের ভক্তদের মধ্যে বিবাদ হয়। তারপর দ্রুত সেটা খেলোয়াড় ও একজন অভিভাবককে জড়িয়ে গণমারামারিতে রূপ নেয়।

‘ওয়েস্ট-ফ্রঁস’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, মোরোনের এক খেলোয়াড়ের বাবা তার ছেলেকে বাঁচাতে মাঠে ঢুকে পড়েন। সেখান থেকে বাগবিতণ্ডা, তারপর ধাক্কাধাক্কি-হাতাহাতি এবং মাথায় আঘাত। এই ঘটনায় উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া ছিলেন রেফারি। তাই সম্ভাব্য চরম পদক্ষেপ নিয়ে তিনি ম্যাচে অংশ নেওয়া ২৭ খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে লাল কার্ড দেখান। ১৩ জুন গুইলিয়ের্সের, ১১ জন মোরোনের। ফ্রান্সের মাঠে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা প্রতিবেদনে জানিয়েছে, এই সংঘর্ষের সময় কেউ কেউ লাঠি ব্যবহার করেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে অবশ্য লড়াই বলতে গেলে শেষ হয়ে গিয়েছিল।

আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে আঞ্চলিক ডিসিপ্লিনারি কমিটি এই ব্যাপারে পর্যবেক্ষণ করবে এবং উভয় ক্লাবকেই কঠোর শাস্তি দেওয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এর আগে গত মার্চের দ্বিতীয় সপ্তাহে ব্রাজিলে ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর শিরোপার লড়াই শেষে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কির পর রেফারি ২৩ লাল কার্ড দেখান। ফ্রান্স ফুটবলের বিশৃঙ্খলা তাকে ছাড়িয়ে গেল।

Mahfuzur Rahman

Publisher & Editor