শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

কতটুকু পথ পাড়ি দিলেন নভোচারীরা, জানাল নাসা

প্রকাশিত: ০৬:৪০, ০৪ এপ্রিল ২০২৬ | ১১

চাঁদের উদ্দেশ্যে যাত্রারত আর্টেমিস মিশনের চার নভোচারী পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী পথের অর্ধেক অতিক্রম করেছেন বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টার দিকে নাসার মিশন কন্ট্রোল থেকে নভোচারীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, ‘আপনারা এখন পৃথিবীর চেয়ে চাঁদের কাছাকাছি অবস্থান করছেন।’ সংস্থাটির সরাসরি সম্প্রচারেও বিষয়টি নিশ্চিত করা হয়।

এর জবাবে নভোচারী ক্রিস্টিয়ান কোচ বলেন, ‘আমরা সবাই এক ধরনের আনন্দ অনুভব করেছি। ডকিং হ্যাচ থেকে এখন চাঁদকে দেখতে পাচ্ছি—এটি সত্যিই অসাধারণ দৃশ্য।’

নাসার তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় দুই দিন পাঁচ ঘণ্টা ২৪ মিনিট পর এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়।

বর্তমানে নভোচারীদের বহনকারী ওরিয়ন স্পেসক্রাফট পৃথিবী থেকে প্রায় ২ লাখ ১৯ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে বলে নাসার অনলাইন ড্যাশবোর্ডে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাসা জানায়, ‘আমরা এখন পথের অর্ধেকটা পেরিয়ে এসেছি।’

সূত্র: আল-জাজিরা

Mahfuzur Rahman

Publisher & Editor