বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

প্রকাশিত: ০২:৪৫, ০১ এপ্রিল ২০২৬ | ১০

ইরানের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের তথ্যমতে, স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৯ টায় তিনি এ ভাষণ দেবেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে জানান, ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য তুলে ধরবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ভাষণের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনো জানা যায়নি। 

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে।’

তিনি বলেন, ‘আমরা কাজটি শেষ করার পথে। সম্ভবত দুই সপ্তাহের মধ্যে শেষ হবে, তবে পুরোপুরি শেষ করতে আরও কিছুদিন সময় লাগতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ করতে চায়। তবে এর আগে একটি সমঝোতা চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।’

এসময় তিনি আরও জানান, ‘ইরান চুক্তিতে না এলেও যুক্তরাষ্ট্র নিজের অবস্থান থেকে সরে আসবে না। চুক্তি মানতে ইরানের কোন বাধ্যবাধকতা নেই, তবে যুক্তরাষ্ট্র চাইলে কোন চুক্তি ছাড়াই এই সংঘাতের ইতি টানতে পারে।’ 

সূত্র: বিবিসি

Mahfuzur Rahman

Publisher & Editor