বাথরুমের বেসিন হোক বা ড্রেসিং টেবিল—প্রতিদিনের পানির কণা, ধুলোবালি আর বাষ্পে আয়না দ্রুত ঝাপসা হয়ে যায়। আয়নায় নিজের মুখটাই যদি স্পষ্ট দেখা না যায়, তবে কারই বা ভালো লাগে? সাধারণ সুতির কাপড় দিয়ে মুছলে অনেক সময় দাগ থেকে যায়। চলুন, জেনে নিই আয়না ঝকঝকে করার কার্যকরী কিছু উপায়।
গরম পানি ও সুতির কাপড়
আপনার হাতে যদি সময় খুব কম থাকে, তবে হালকা গরম পানিতে একটি সুতির কাপড় ভিজিয়ে নিন।
পানি ভালো করে নিংড়ে নিয়ে আয়নাটি মুছে ফেলুন। এরপর দেরি না করে একটি শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিন। এতে পানির জেদি দাগগুলো সহজেই চলে যাবে।
টুথপেস্টের ম্যাজিক
আয়না নতুনের মতো চকচকে করতে টুথপেস্ট দারুণ কাজ করে।
সমপরিমাণ পানি ও টুথপেস্ট মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি আয়নায় মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর পুরনো খবরের কাগজ দিয়ে ঘষে মুছে নিন। সবশেষে শুকনো কাপড় দিয়ে পালিশ করলে আয়না হীরার মতো চমকাবে।
বেকিং সোডা ও ভিনেগার
বেশি নোংরা বা পুরনো দাগ দূর করতে বেকিং সোডা ও ভিনেগারের পেস্ট তৈরি করুন। মিশ্রণটি আয়নায় লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন এবং শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনার কাছে বেকিং সোডা না থাকলে শুধু পানির সঙ্গে ভিনিগার মিশিয়ে স্প্রে করলেও আয়না দ্রুত পরিষ্কার হয়।
কতদিন পর পরিষ্কার করবেন?
আয়না নতুনের মতো রাখতে সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করা ভালো। তবে আয়না খুব বেশি নোংরা না হলে ১৫ দিনে একবার এই পদ্ধতিগুলো মেনে চললেও আয়না স্বচ্ছ ও ঝকঝকে থাকবে।
Publisher & Editor